logo

শাবিপ্রবিতে প্রথমবারের মতো স্নাতকোত্তরের ১৮৪ শিক্ষার্থী পাচ্ছেন গবেষণা অনুদান

শাবিপ্রবিতে প্রথমবারের মতো স্নাতকোত্তরের ১৮৪ শিক্ষার্থী পাচ্ছেন গবেষণা অনুদান

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবারের মতো স্নাতকোত্তরে থিসিসের শিক্ষার্থীদের গবেষণায় বাজেট বরাদ্দ দেওয়া হচ্ছে । চলতি অর্থবছরে ১৮৪ শিক্ষার্থীকে এককালীন ২৫ হাজার টাকা করে গবেষণা অনুদান দেওয়া হবে বলে জানা গেছে।

প্রতি বিভাগ থেকে সর্বোচ্চ ১০ জন থিসিস শিক্ষার্থীকে বাছাই করা হয়েছে। বাছাইকৃতদের মধ্যে নৃবিজ্ঞান, লোকপ্রশাসন, অর্থনীতি, পলিটিক্যাল স্টাডিজ, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, পদার্থবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, বন ও পরিবেশবিজ্ঞান, সমুদ্রবিজ্ঞান, পুর ও পরিবেশ কৌশল, জৈব রসায়ন ও আণবিক জীববিদ্যা (বিএমবি), জৈবপ্রযুক্তি ও জিন প্রকৌশল, রসায়ন এবং তড়িৎ প্রকৌশল বিভাগের ১০ জন করে থিসিসের শিক্ষার্থী গবেষণা অনুদান পাবেন। এ ছাড়া বাংলা বিভাগের ৮ জন, ব্যবসায় প্রশাসনের ৫ জন, ইংরেজির ৪ জন, খাদ্য প্রকৌশল ও চা প্রযুক্তি বিভাগের ৬ জন, গণিতের ৮ জন ও পরিসংখ্যান বিভাগের ৭ জনকে বাছাই করা হয়েছে। 

গবেষণাকেন্দ্রের এক কর্মকর্তা জানান, কয়েকটি মানদণ্ডে শিক্ষার্থীদের এই অনুদান দেওয়া হবে। এর মধ্যে শিক্ষার্থীদের নিয়মিত স্নাতকোত্তরের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের হতে হবে; স্নাতকে তাদের ফলাফল নিজ নিজ বিভাগ থেকে কমপক্ষে সিজিপিএ ৩ দশমিক ৫ থাকতে হবে। এ বিষয়ে প্রত্যেক বিভাগেই চিঠি দেওয়া হয়। বিভাগ থেকে থিসিসের শিক্ষার্থীদের স্নাতকের ফলাফল অনুযায়ী পাঠানো তালিকার ভিত্তিতেই অনুদান বরাদ্দ দেওয়া হবে। 

ইতোমধ্যে বাছাইকৃত শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টসহ তালিকা বিভাগ থেকে এসে পৌঁছেছে। শিগগিরই একটি অনুষ্ঠানের মাধ্যমে এই অনুদান হস্তান্তর করা হতে পারে। গবেষণায় প্রথমবার বাজেট বরাদ্দে শিক্ষার্থীরা স্বস্তি প্রকাশ করেছেন। 

শাবিপ্রবির সমুদ্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী নাইমুর রহমান বলেন, ‘জুনিয়র গবেষকদের গবেষণায় আগ্রহী করে তুলতে এটি খুবই ভালো উদ্যোগ। এর মাধ্যমে আমরা গবেষণায় আরও ভালোভাবে মনোনিবেশ করতে পারব। থিসিস চলাকালীন নিজেদের চলার জন্য বাড়তি চাপ পড়বে না। আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় রাখবে।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের গবেষণাকেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. আবুল কালাম আজাদ বলেন, ‘শিক্ষার্থীদের গবেষণায় আরও আগ্রহী করে তুলতে কর্তৃপক্ষ এই উদ্যোগ গ্রহণ করেছে। চলতি বছরে ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ৪৬ লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে। বাকি অর্থ দিয়ে শিক্ষার্থীদের থিসিস সম্পন্ন হওয়ার পর একটি সম্মেলনের আয়োজন করা হবে। সেখানে শিক্ষার্থীরা তাদের গবেষণা উপস্থাপন করবেন। কর্তৃপক্ষ চাইলে ভবিষ্যতে এই অনুদান বাড়তে পারে।’