কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবার নিজ ক্যাম্পাস থেকে ভিসি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরীফুল করিম।
বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, অধ্যাপক ড. এম এম শরীফুল করিম বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন (ইউট্যাব) সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড় এলাকার বাসিন্দা।
প্রজ্ঞাপনে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১০(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর অথবা অবসর গ্রহণের আগ পর্যন্ত যেটি আগে হবে তিনি উপাচার্যের দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর ড. এম এম শরীফুল করীম বলেন, যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, তা নিষ্ঠার সঙ্গে পালন করাই আমার একমাত্র কর্তব্য। এক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করছি।
অধ্যাপক ড. এম এম শরীফুল করীম চট্টগ্রাম গভর্নমেন্ট হাইস্কুল থেকে এসএসসি এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষার ধারাবাহিকতায় তিনি মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট কলোনাল লিটারেচার এর ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
১৮তম বিসিএসে শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হয়ে তিনি শিক্ষকতা পেশায় যোগ দেন। দীর্ঘদিন আনন্দমোহন কলেজের ইংরেজি বিভাগে শিক্ষকতা করার পর ২০০৭ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নে সহকারী অধ্যাপক হিসেবে ইংরেজি বিভাগে যোগদান করেন। একই সঙ্গে তিনি বিভাগের প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।
