logo

ট্রাফিক ব্যবস্থা শেখাতে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে বই পাবে শিক্ষার্থীরা

ট্রাফিক ব্যবস্থা শেখাতে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে বই পাবে শিক্ষার্থীরা
নতুন বই হাতে শিক্ষার্থীরা। ছবি : প্রথম আলো

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার্থীদের ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে শেখানোর জন্য দেশের বিভাগীয় শহর, সিটি করপোরেশন ও জেলা শহরগুলোতে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে দুইটি সম্পূরক বই দেওয়া হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে আয়োজিত 'রিসার্চ এক্সিলেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক পার্টনারশিপ' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। ভালোভাবে এর ব্যবহার শিখতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা অনেক সময় ভুল উত্তর দিতে পারে। যে বিষয়ে নিজের ধারণা স্পষ্ট নয় সে বিষয়ে এআইয়ের ভুল ধরাও কঠিন। তাই, নিজের বিষয়ের ভিত্তি মজবুত করে গড়ে তুলতে হবে।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ বিপুল জনসংখ্যার একটি দেশ। এই জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষাখাতে জিডিপির দুই শতাংশ বরাদ্দ দেয়া হয়েছে। এই বাজেটকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। ‌ বরাদ্দকৃত অর্থের যেন কোন অপচয় না হয়, সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ বি এম শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল-২ আসনের এমপি মোঃ আবদুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৭ আসনের এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোঃ আনিসুর রহমান স্বাগত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে গবেষণায় বিশেষ অবদানের জন্য বিশ্ববিদ্যালয়ের ৩০ জন শিক্ষক ও ১৯ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। শিক্ষা মন্ত্রী তাদের হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেন।‌

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী বলেন, ২০২৭ শিক্ষাবর্ষের বই যথাসময়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে। এছাড়া পাঠ্যপুস্তকের মানের বিষয়ে কোন আপোষ করা হবে না।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ২০২৭ শিক্ষাবর্ষে ৪টি নতুন বই দেয়া হবে।‌ সেগুলো হলো- চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 'বাংলাদেশের সংস্কৃতি' ও 'খেলাধুলা' এবং ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 'লার্নিং উইথ হ্যাপিনেস' ও 'আমার কারিগরি শিক্ষা'।