প্রশ্নফাঁস বা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

এবার শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে এইচএসসি পরীক্ষা সম্পন্ন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁস বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বুধবার (১ জুলাই) সচিবালয়ে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে জানিয়ে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শাস্তিযোগ্য অপরাধ করলে কেউ পার পাবে না। পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা থাকবে বলেও জানান তিনি।
ড. মিলন বলেন, যে কোনো দুর্যোগ, প্রশ্নপত্র ফাঁস বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তিন সেট প্রশ্নপত্র প্রস্তুত রাখা হয়েছে। দুর্যোগপূর্ণ এলাকার ক্ষেত্রে স্থানীয় প্রশাসন পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
পরীক্ষার মূল্যায়ন প্রসঙ্গে তিনি বলেন, খাতা পুনর্মূল্যায়নের সুযোগ থাকবে। একই সঙ্গে পরীক্ষকদের দেয়া নম্বর যথাযথ হয়েছে কি না, কেউ অস্বাভাবিকভাবে কম বা বেশি নম্বর দিচ্ছেন কি না, সেটিও পর্যবেক্ষণ করা হবে।
আগামী ২ জুলাই থেকে সারা দেশে শুরু হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। শিক্ষামন্ত্রী জানান, এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী বছর থেকে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কমন বিষয়গুলোতেও একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে।






