একাদশ শ্রেণিতে ক্লাস শুরু কাল

সারা দেশে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)। রাজধানীর ঢাকা কমার্স কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা অনুযায়ী, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ ২৩ সেপ্টেম্বর নির্ধারিত ছিল। কিন্তু পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যে এদিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ক্লাস শুরুর তারিখ একদিন পিছিয়ে দেওয়া হয়।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের অনলাইন আবেদন শুরু হয় গত ২ সেপ্টেম্বর। প্রায় ১০ লাখ শিক্ষার্থী এতে আবেদন করেন। গত ১৬ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফলাফলে প্রথম ধাপে কলেজ সিলেকশন পায় ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন।
