এইচএসসির পরবর্তী পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড

এশিয়া পোস্ট নিউজ
এইচএসসির পরবর্তী পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
পরীক্ষা দিচ্ছেন এইচএসসি শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

শিক্ষামন্ত্রীর পদত্যাগ, বৈরি আবহাওয়ার কারণে এইচএসসি পরীক্ষা স্থগিত এবং প্রশ্নপত্রের ত্রুটি সংশোধনের দাবিতে আন্দোলনের মধ্যেই পরবর্তী এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। চট্টগ্রামের চার জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টায় সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও জেলা প্রশাসকদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৈঠক শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পরীক্ষা অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে চট্টগ্রামের চার জেলার পরীক্ষা আপাতত স্থগিত থাকবে।

এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া এবং শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্যের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগও দাবি করেন।

বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানীর সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’, ‘ভোগান্তির দায় নিতে হবে’ এবং ‘বন্যা-জলাবদ্ধতায় পরীক্ষা নয়’—এমন নানা স্লোগান দেন। তাদের হাতে পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিসংবলিত প্ল্যাকার্ডও দেখা যায়।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, বৈরি আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় না নিয়েই সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছে। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন। জলাবদ্ধতা, দীর্ঘ যানজট ও বিকল্প পথে কেন্দ্রে পৌঁছাতে গিয়ে অনেক শিক্ষার্থীকে দুর্ভোগ পোহাতে হয়েছে বলে তারা দাবি করেন।