তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার শিক্ষক নিয়োগ: শিক্ষামন্ত্রী

এশিয়া পোস্ট নিউজ, নোয়াখালী
তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার শিক্ষক নিয়োগ: শিক্ষামন্ত্রী
ছবি : এশিয়া পোস্ট

সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোয় আগামী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

Advertisement

সোমবার (২২ জুন) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ডিনস ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী তিন মাসের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ প্রায় ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।’

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ২০১৭ সালের একটি মামলার কারণে দেশের ৬৫ হাজার ৫০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রায় ৩২ হাজার ৫০০ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ আটকে আছে। এর ফলে বহু সহকারী শিক্ষক পদোন্নতির সুযোগ না পেয়েই অবসরে যাচ্ছেন।

বিষয়টি আদালতের নজরে আনা হয়েছে জানিয়ে মন্ত্রী জানান, আগামী ২ জুলাইয়ের মধ্যে এ বিষয়ে ইতিবাচক সমাধান পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। জটিলতা নিরসন হলে পরবর্তী তিন মাসের মধ্যে আরও ৫০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হবে।

শিক্ষকদের বদলিপ্রক্রিয়া সহজ করতে এনটিআরসিএর মাধ্যমে এক জেলা থেকে অন্য জেলায় কর্মরত শিক্ষকদের বদলি ব্যবস্থা আগামী ১৬ জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ স্বয়ংক্রিয় বা অটোমেটেড করা হবে বলেও জানান তিনি।

মাদ্রাসা শিক্ষকদের মে ও জুন মাসের বকেয়া বেতন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) ব্যবস্থার ডাটাবেজসংক্রান্ত জটিলতার কারণে সমস্যার সৃষ্টি হয়েছে। বর্তমান সরকার দ্রুত এ জটিলতা নিরসনে কাজ করছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ২০২৭-২৮ অর্থবছরে শিক্ষা খাতে জিডিপির সাড়ে ৩ শতাংশ এবং পরবর্তী অর্থবছরে ৪ শতাংশ, আগামী চার বছরের মধ্যে ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শাহজাহান (এমপি), বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী, জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার এন এম নাসির উদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা।