logo

এইচএসসি পরীক্ষার কেন্দ্রে প্রবেশ নিয়ে জরুরি নির্দেশনা

এইচএসসি পরীক্ষার কেন্দ্রে প্রবেশ নিয়ে জরুরি নির্দেশনা
ছবি : সংগৃহীত

চলতি বছরের (২০২৬) এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রগুলোর আশপাশের যানজট ও জনদুর্ভোগ কমাতে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এই নতুন নির্দেশনা জারি করে।

বুধবার (১৭ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষা ২০২৬-এর কেন্দ্রগুলোর আশপাশের যানজট ও জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে কেবল পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশের ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষভাবে অনুরোধ করা হলো।

তবে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ ও প্রবেশসংক্রান্ত আগের যে নির্দেশনা ছিল, তা যথারীতি বহাল থাকবে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি ও সমমান পরীক্ষার সব কেন্দ্র প্রধান ও ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

এ বিষয়ে প্রয়োজনীয় অবগতি ও কার্যার্থের জন্য অনুলিপি পাঠানো হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরে।