logo
Advertisement

অবসরের ছয় মাসের মধ্যে শিক্ষকদের অবসর-কল্যাণ ভাতা প্রদানের দাবি

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
অবসরের ছয় মাসের মধ্যে শিক্ষকদের অবসর-কল্যাণ ভাতা প্রদানের দাবি
আলোচনা সভা। ছবি: শিক্ষায় বৈষম্য নিরসনপ্রত্যাশী জোটের সৌজন্যে

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসরের ৬ মাসের মধ্যে অবসর ও কল্যাণ ভাতা প্রদানসহ বিভিন্ন দাবি জানিয়েছে ‘শিক্ষায় বৈষম্য নিরসনপ্রত্যাশী জোট’।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টন কলেজে শিক্ষায় বৈষম্য নিরসনের দাবিতে জোট গঠনের লক্ষ্যে আলোচনা সভায় এ দাবি জানানো হয়। অধ্যক্ষ মো. মাইনুদ্দিনের সভাপতিত্ব আলোচনা সভা সঞ্চালনা করেন উপাধ্যক্ষ মো. আবদুর রহমান।

শনিবার (১৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষকদের দাবির মধ্যে রয়েছে, যেসব প্রতিষ্ঠানে অধ্যক্ষ-উপাধ্যক্ষ অবসরে যাবেন, পুনরায় ওই পদে নিয়োগ না হওয়া পর্যন্ত অবসরে যাওয়া চাকরি করতে সক্ষম ব্যক্তিদের বহাল রাখতে হবে; বেসরকারি শিক্ষকদের জন্য এক বছরের পিআরএল চালু করতে হবে; সরকারিদের ন্যায় এমপিওভুক্ত শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদে নিয়োগের ব্যবস্থা করতে হবে; বেসরকারি শিক্ষকদের অবসরের বয়সসীমা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ন্যায় ৬৫ বছর করতে হবে; অধ্যক্ষ-উপাধ্যক্ষদের অবিলম্বে তিন বছর পর পর জরুরিভাবে বদলি ব্যবস্থা চালু করতে হবে; সব আয় সরকারি কোষাগারে জমা নিয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে।

অনুষ্ঠানে অধ্যক্ষ ড. মহিউদ্দিন আহমেদ, জসিম উদ্দিন আহমেদ, অধ্যক্ষ বদিউল আলম সরকার প্রমুখ বক্তব্য রাখেন।