৭ম শ্রেণিতে ক্যাডেট কলেজসমূহে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

দেশের ক্যাডেট কলেজগুলোতে ২০২৭ শিক্ষাবর্ষে সপ্তম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সেনাপ্রধানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত দেশের ১২টি ক্যাডেট কলেজে (৮টি বালক ও ৩টি বালিকা) এই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।
আগ্রহী প্রার্থীরা আগামী ০৯ নভেম্বর ২০২৬ সকাল ৯টা থেকে ০৩ ডিসেম্বর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন।
সম্প্রতি ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, জাতীয় শিক্ষাক্রমের পাশাপাশি সহশিক্ষা ও প্রাথমিক সামরিক প্রশিক্ষণের সমন্বয়ে পরিচালিত এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তির জন্য প্রার্থীদের বেশ কিছু সুনির্দিষ্ট যোগ্যতা ও শারীরিক মাপকাঠি অনুসরণ করতে হবে।
আবেদনের যোগ্যতা
- আবেদনকারীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং প্রাথমিক শিক্ষা বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- ২০২৭ সালের ১ জানুয়ারি তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ১৪ বছর ৬ মাস নির্ধারণ করা হয়েছে।
- শারীরিক যোগ্যতার ক্ষেত্রে বালক ও বালিকা উভয় প্রার্থীর জন্যই ন্যূনতম উচ্চতা ৪ ফুট ৮ ইঞ্চি হওয়া বাধ্যতামূলক। এছাড়া সাধারণ শারীরিক গঠন ও মানসিক সুস্থতার পাশাপাশি দৃষ্টিশক্তির ক্ষেত্রে নির্দিষ্ট চশমার পাওয়ারের নিয়ম অনুসরণ করা হবে। তবে অ্যাজমা, মৃগী, হৃদরোগ, কালার ব্লাইন্ডনেস বা অতিরিক্ত ওজনের মতো শারীরিক জটিলতা থাকলে প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবেন।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের ক্যাডেট কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে (cadetcollege.army.mil.bd) প্রবেশ করে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদন ফি
আবেদন ফি বাবদ ২৫০০ (দুই হাজার পাঁচশত) টাকা নির্ধারিত মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট) বা কার্ডের মাধ্যমে পরিশোধ করতে হবে। ফি জমার পর প্রয়োজনীয় তথ্য ও সদ্য তোলা ছবি আপলোড করে আবেদনটি সম্পন্ন করতে হবে। যারা নিজে আবেদন করতে পারবেন না, তাদের জন্য ক্যাডেট কলেজ পরিচালিত ‘ই-বুথ আউটলেটের’ মাধ্যমে আবেদনের সুযোগ রাখা হয়েছে।
পরীক্ষার মানবণ্টন ও সময়সূচি
চূড়ান্ত ভর্তির জন্য প্রার্থীদের লিখিত, মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। লিখিত পরীক্ষা আগামী ২৩ ডিসেম্বর ২০২৬ (শনিবার) দুপুর ১২টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। ৩০০ নম্বরের এই লিখিত পরীক্ষায় গণিতে ১০০, বাংলায় ৬০, ইংরেজিতে ১০০ এবং সাধারণ জ্ঞানে ৪০ নম্বর থাকবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী সময়ে স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। অনলাইন আবেদনের পর ২ কপি ফরম প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ১৩ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত কেন্দ্রসমূহে জমা দিতে হবে।
ভর্তি সংক্রান্ত আরও তথ্যের জন্য ক্যাডেট কলেজের অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করুন।
