logo

৮৬ ডিপ্লোমা প্রতিষ্ঠানের অনুমোদন বাতিলে ফের শোকজ দিল কারিগরি বোর্ড

৮৬ ডিপ্লোমা প্রতিষ্ঠানের অনুমোদন বাতিলে ফের শোকজ দিল কারিগরি বোর্ড
কারিগরি শিক্ষা বোর্ড বাংলাদেশ এর লোগো। ফাইল ছবি

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ও ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার শিক্ষাক্রম পরিচালনাকারী ৮৬টি প্রতিষ্ঠানকে পুনরায় কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড।

সোমবার (১৯ অক্টোবর) বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে এ নোটিশ প্রকাশ করা হয়।

নোটিশে নিয়ম ভঙ্গকারী এসব প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না—তা জানতে চাওয়া হয়েছে। এর আগে গত ৪ অক্টোবরও প্রথম দফায় প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

কারিগরি বোর্ড জানায়, অভিযুক্ত ৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠান বিগত টানা ৩ বছর ধরে কোনো শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালনা করেনি। প্রতিষ্ঠান অনুমোদনের নীতিমালায় স্পষ্ট উল্লেখ রয়েছে, পরপর তিন বছর কোনো প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি না করা হলে তার পাঠদান অনুমোদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল যোগ্য বলে গণ্য হবে।

এ ছাড়া, ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা পর্যায়ের বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদান সংক্রান্ত নীতিমালা-২০২০’-এর উপনীতি ৫.৪ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি, প্রয়োজনীয় যন্ত্রপাতি, পাঠাগার ও অন্যান্য প্রযোজ্য শর্ত পূরণে ব্যর্থ হলে সরকারের অনুমোদনক্রমে বোর্ড সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমতি বাতিল করতে পারবে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, টানা তিন বছর ভর্তি কার্যক্রম বন্ধ থাকায় তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর আগামী ২০২৭-২০২৮ শিক্ষাবর্ষ থেকে ভর্তি স্থগিতসহ কেন তাদের অনুমোদন বাতিল বা প্রত্যাহার করা হবে না, সে বিষয়ে আগামী ৭ কর্মদিবসের মধ্যে জবাব দেওয়ার জন্য পুনরায় নির্দেশ দেওয়া হলো।