তরুণদের কান ধরিয়ে ওঠবস করানোর ব্যাখ্যা দিলেন ডাকসুর সর্বমিত্র

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে খেলতে যাওয়া একদল তরুণকে কান ধরিয়ে উঠবস করানোর ব্যাখ্যা দিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন ডাকসুর সদস্য সর্ব মিত্র চাকমা।
গত বছরের ১৪ অক্টোবরের ঘটনা তুলে ধরে রোববার (২৫ জানুয়ারি) রাতে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ইন্টার ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্টের জন্য আমরা প্র্যাকটিসের জন্য সেন্ট্রাল ফিল্ডে যাই সাইকেল নিয়ে। আমরা সাইকেল তালা দিয়ে রেখে প্র্যাকটিস করি এবং প্র্যাকটিস শেষে সাইকেল খুঁজে পাচ্ছিলাম না, তখন সন্ধ্যা হয়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পর যখন পেলাম না তখন ফুটবলের দায়িত্বে থাকা জালাল স্যারের সঙ্গে দেখা করি সিসিটিভি ফুটেজ দেখার জন্য। তিনি কথা বলতে বলেন শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক জাকারিয়া স্যারের সঙ্গে, তখন স্যার মাঠে ছিলেন না। আমরা কল দিলে স্যার একটু পর আসেন এবং আমাদের সিসিটিভি ফুটেজ দেখান।
‘সিসিটিভি ফুটেজ থেকে আমরা দেখতে পাই একটি কম বয়সি ছেলে সাইকেলটি বের করে নিয়ে চলে যায় এবং ছেলেটির কাঁধে তখন স্পোর্টসের প্র্যাকটিস ব্যাগ ছিল। পরে সিসিটিভি ফুটেজ নিয়ে শাহবাগ থানায় গেলে ওনারা জানান সাইকেল হারানোর জিডি হয় না, তবে একটা লিখিত অভিযোগ নেয়।’
সর্ব মিত্র চাকমা আরও লিখেছেন, এমন অনেক ঘটনা অহরহ ঘটে। প্রশাসনের কাছে আবেদন করলে দেয়াল সংস্কারের ফাইল ফিরে আসে, বলা হয় বাজেট নেই। এদিকে প্রতিদিন আমাদের শিক্ষার্থীরা মোবাইল হারায় , মানিব্যাগ হারায়, সাইকেল হারায়। বারবার মানা করার পরও আসে, স্টাফদের ওপর ঢিল ছুড়ে পালায় দেয়াল টপকিয়ে, এদিকে দেয়ালের বেহাল দশা। প্রশাসনের অসহযোগিতায় শিক্ষার্থীদের জন্য এর চাইতে আর কী করার আছে?
উল্লেখ্য, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে খেলতে আসা প্রায় ৩০ কিশোর-তরুণকে কানে ধরিয়ে উঠবস করানোর ভিডিও ভাইরাল হয়। তাদের সামনে লাঠি হাতে দাঁড়িয়ে ছিলেন সর্বমিত্র চাকমা। রোববার বিষয়টি সামনে এলেও ঘটনাটি ৬ জানুয়ারির বলে জানা গেছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে।