logo

আজ থেকে কমপ্লিট শাটডাউনে যাচ্ছে শাবি শিক্ষার্থীরা

আজ থেকে কমপ্লিট শাটডাউনে যাচ্ছে শাবি শিক্ষার্থীরা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে ফের আন্দোলন শুরু করেছেন শিক্ষার্থীরা। 

রোববার (২৫ জানুয়ারি) থেকে শাকসু নির্বাচন না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন রাখার ঘোষণা দিয়েছেন তারা।

শনিবার বিকেলে ছাত্রশিবির সমর্থিত দুর্বার সাস্টিয়ান ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী দেলোয়ার হাসান শিশির এ ঘোষণা দেন। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে অবশ্যই শাকসু নির্বাচন হতে হবে। শুক্রবার প্রতিটি বিভাগের ক্লাস প্রতিনিধিদের (সিআর) সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাকসু নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের বিক্ষোভ চলমান থাকবে।

এ দাবিতে গতকাল শনিবার বিকেল ৫টা থেকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। গোলচত্বর থেকে শুরু হওয়া মিছিলটি শাহপরান এলাকা হয়ে সৈয়দ মুজতবা আলী হলে গিয়ে কিছুক্ষণ অবস্থান নেয়। পরে মিছিলটি চেতনা-৭১ হয়ে ছাত্রীদের আবাসিক হলে অবস্থান করে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘মব করে শাকসু বন্ধ করা যাবে না’, ‘ঢাকায় বসে শাকসু বন্ধ করা যাবে না’, ‘আই হ্যাভ এ প্ল্যান, শাকসু ব্যান’ —এমন বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ মিছিলে দুর্বার সাস্টিয়ান ঐক্যের ভিপি প্রার্থী দেলোয়ার হাসান (শিশির), জিএস প্রার্থী মুজাহিদুল ইসলাম, স্বতন্ত্র জিএস প্রার্থী পলাশ বখতিয়ার, জুনায়েদ আহমেদ ও ফয়সালসহ বাংলা বিভাগের শিক্ষার্থী আবু সালেহ মো. নাসিমসহ আরও অনেকে অংশ নেন।

প্রায় ২৮ বছর পর গত মঙ্গলবার (২০ জানুয়ারি) শাকসু নির্বাচনের ভোট গ্রহণের কথা ছিল। তবে তিন শিক্ষার্থীর করা রিট আবেদনের পর গত সোমবার (১৯ জানুয়ারি) হাইকোর্ট চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেন।