ঢাবিতে হল সংসদের মধ্যস্থতায় কমলো মাস্টার্সে ভর্তি ও সংস্থাপন ফি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীদের দীর্ঘদিনের সমস্যা ছিলো অন্য যেকোনো হলের শিক্ষার্থীদের তুলনায় বাড়তি সংস্থাপন ফিস এবং মাস্টার্সে ভর্তি ফিস প্রদান করা। বিষয়টি হল সংসদের দীর্ঘ প্রচেষ্টার ফলে সুষ্ঠু সমাধান করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সুফিয়া কামাল হলের শিক্ষার্থীদের সহযোগিতায় হল সংসদের নেত্রীবৃন্দ ও হল প্রশাসনের দীর্ঘ আলোচনার পর এই বিষয়ে তারা সমাধানে আসেন।
খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের শিক্ষার্থীদের সংস্থাপন ফি ৬০০ টাকা এবং মাস্টার্সে ভর্তি ফি ৮০০ টাকা, শামসুন্নাহার হলে সংস্থাপন ফি ৩৬০ টাকা এবং মাস্টার্সে ভর্তি ফি ৭০০ টাকা, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে সংস্থাপন ফি ৬৬০ টাকা এবং মাস্টার্সে ভর্তি ফি ৫০০ টাকা, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের সংস্থাপন ফি ১০০০ টাকা এবং মাস্টার্সে ভর্তি ফি ৫০০ টাকা।
অন্যদিকে সুফিয়া কামাল হলের শিক্ষার্থীদের সংস্থাপন ফি ছিল ১২০০ টাকা, যা কমিয়ে এখন ৯৬০ টাকা করা হয়েছে। আর মাস্টার্সে ভর্তি ফি ৩৩০০ টাকা থেকে কমিয়ে ২৩০০ টাকা করা হয়েছে যা আগামী জুন-জুলাই শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে।
সুফিয়া কামাল হলের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আবাসিক শিক্ষার্থী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাদিয়া হাসান লিজা বলেন, ডাকসু হওয়ার অনেক আগে থেকেই বেশ কয়েকবার সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আমরা আমাদের সংস্থাপন এবং মাস্টার্সে ভর্তি ফি কমানোর বিষয়ে হল প্রশাসনের কাছে গিয়েছি, তবে কোনোকিছুই ফলপ্রসূ হয়নি। নিঃসন্দেহে হল সংসদের জন্য এটা একটা বিশাল অর্জন।
২০২১-২২ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের আরেক শিক্ষার্থী তাবাসসুম রশিদ বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের বাড়তি সংস্থাপন এবং মাস্টার্সে ভর্তি ফি প্রদান করতে হয়েছে, যদিও এটা কমানোর জন্য আমরা বার বার হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। তারপরও কোনো সমাধান আসেনি। তবে সকলের সবার সহযোগিতায় বাড়তি ফি প্রদানের রীতি কমিয়ে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসায় আমরা শিক্ষার্থীরা সবাই অত্যন্ত খুশি, হল সংসদকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই।
এ বিষয়ে হল সংসদের সহসভাপতি (ভিপি) সানজানা চৌধুরী রাত্রি বলেন, কবি সুফিয়া কামাল হল সংসদ-২০২৫ এর সবচেয়ে বড় দায়িত্ব ছিল হলের শিক্ষার্থীদের জন্য একটি ন্যায্য মাস্টার্সের ভর্তি ফি এবং সংস্থাপন ফি নির্ধারণ করা। নির্বাচনে আমরা যারাই প্রার্থী হয়েছি এবং যারাই জিতেছি কিংবা হেরেছি, আমাদের প্রত্যেকের ইশতেহারে প্রধান দফা ছিল এটি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য হলগুলোর তুলনায় সুফিয়া কামাল হলের সংস্থাপন ফি দ্বিতীয় সর্বোচ্চ ১২০০ টাকা দাবি করে হল সংসদের ভিপি রাত্রি বলেন, অন্যদিকে এতদিন মাস্টারর্সে ভর্তি ফি ছিল ৩৩০০ টাকা, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হলের মধ্যে সর্বোচ্চ।
তিনি আরও বলেন, গত ১৩ বছরে এই হলের শিক্ষার্থীরা ন্যায্য সংস্থাপন ফি এবং মাস্টার্সের ভর্তি ফির দাবি জানিয়ে আসলেও হল প্রশাসন কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন কখনও এই সমস্যা সমাধান করেনি। হল সংসদ দায়িত্ব গ্রহণের পরপর আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বিভিন্ন সময় আলোচনা করে ফি হ্রাসের দাবি তুলে ধরে কবি সুফিয়া কামাল হল সংসদ-২০২৫ দায়িত্বশীল জায়গা থেকে এই সমস্যাটি সর্বোচ্চ গুরত্বের সঙ্গে বিবেচনা করে শুরু থেকে কাজ করে আসছে।
এছাড়াও কবি সুফিয়া কামাল হল সংসদের সহ সাধারণ সম্পাদক (এজিএস) শিমু আক্তার বলেন, কবি সুফিয়া কামাল হলের সকল আবাসিক এবং অনাবাসিক শিক্ষার্থীদের একটি বহুল আকাঙ্ক্ষিত বিষয় হচ্ছে মাস্টার্সের ভর্তির ফি কমানো এবং আবাসিক শিক্ষার্থীদের সংস্থাপন ফি কমানো। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলগুলোর তুলনায় কবি সুফিয়া কামাল হলে অনেক বেশি ফি দেওয়া লাগতো। এই সমস্যা সমাধানে কবি সুফিয়া কামাল হল সংসদ সর্বদা সোচ্চার ছিল এবং এটি নিয়ে বারবার আলোচনা করা হয়। সকল শিক্ষার্থীর চাহিদা ও হল সংসদের নিয়মিত আলোচনায় সর্বশেষ শিক্ষার্থীদের মাস্টার্সের ভর্তির ফি এবং সংস্থাপন ফি কমানো হয়।