শিক্ষার্থীদের ভয় দেখানো হচ্ছে, এই হুমকির রাজনীতি চলবে না: ডাকসু ভিপি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, ক্যাম্পাসগুলোতে বিভিন্ন ধরনের হুমকি আসছে, শিক্ষার্থীদের ভয়ভীতি দেখানো হচ্ছে; দেখে নেওয়ার হুমকি আসছে। আমরা সাবধান করছি, এই হুমকির রাজনীতি এখন আর চলবে না।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন।
সাদিক কায়েম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোনো শিক্ষার্থীর ওপর যদি একটা টোকাও পড়ে, সেটা প্রতিহত করতে আবু সাঈদের মতো আমরা তাদের সামনে গিয়ে দাঁড়াব।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের ক্যাম্পসগুলোতে কেউ যদি গণরুম বা গেস্ট রুম কালচার কিংবা ভাইয়ের কালচার তৈরি করতে চায় আমরা তা হতে দেব না। সেই রাজনীতি এখন আর চলবে না, সেটা শেষ হয়ে গেছে। সুতরাং কেউ যদি মনে করেন ক্ষমতায় এসেছেন বলে হল দখল করবেন, তবে তা প্রতিহত করা হবে।
এ সময় সাদিক কায়েম বলেন, আমরা আওয়ামী লীগের সময়ের পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। ২৪ ঘণ্টায় তিনটি লাশ পড়েছে, শতাধিক জায়গায় হামলা হয়েছে। আমরা হুঁশিয়ার করতে চাই, যারা ক্ষমতায় এসেছেন প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর যদি একটা লাশ পড়ে—রাজপথে নামবে জামায়াত-শিবির ও ১১ দলীয় জোট। বাংলাদেশে হামলা-মামলা, হুমকি ও সন্ত্রাসের রাজনীতি আর চলবে না। যারা সন্ত্রাস করেছেন, তাদের বিরুদ্ধে তারেক রহমান দ্রুত ব্যবস্থা নেবেন।
নির্বাচন-পরবর্তী ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ অপ্রত্যাশিত মন্তব্য করে ছাত্রশিবিরের এই নেতা আরও বলেন, জাতীয় গণমাধ্যমে হামলার ঘটনা যেভাবে চাপা দেওয়া হচ্ছে, তা নতুন ফ্যাসিবাদের আস্ফালন হিসেবে দেখছি।
.png)





