logo
Advertisement

ইতালির হোটেল বিতর্ক নিয়ে মুখ খুললেন জেমস

ইসমাইল হোসেন স্বপন, ইতালি
ইতালির হোটেল বিতর্ক নিয়ে মুখ খুললেন জেমস
জনপ্রিয় রকস্টার ‘নগর বাউল’ জেমস। ছবি: সংগৃহীত

ইতালির রোমে কনসার্ট শেষে হোটেল রুম নোংরা রাখা সংক্রান্ত বিতর্ক ও জরিমানা নিয়ে সরাসরি কথা বলেছেন বাংলাদেশের জনপ্রিয় রকস্টার ‘নগর বাউল’ জেমস। বিষয়টিকে বড় কোনো ইস্যু না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবারই নিজের মতামত ব্যক্ত করা ও লেখার স্বাধীনতা রয়েছে।

Advertisement

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে যে, রোমের একটি হোটেলে জেমস ও তার ব্যান্ড প্রতিনিধিরা রুম অতিরিক্ত নোংরা করে রেখে যান। হোটেল কক্ষ পরিচ্ছন্নতা ফি হিসেবে হোটেল কর্তৃপক্ষ ২০০ ইউরো জরিমানা করেন তাকে।

তবে জেমসের টিম শুরু থেকেই এই দাবি অস্বীকার করে আসছে। জেমসের ম্যানেজার রুবাইয়াত ঠাকুর বিষয়টি স্পষ্ট করে জানান, অভিযোগ ওঠা ৫৪৯ নম্বর রুমে জেমস ছিলেন না; জেমস ছিলেন ৩৪৫ নম্বর রুমে। অভিযোগ আসা ৫৪৯ নম্বর রুমটিতে দলের একজন অতিথি মিউজিশিয়ান অবস্থান করছিলেন।

এক সংবাদ সম্মেলনে জেমস জানান, নিয়ম অনুযায়ী হোটেল রুম প্রতিদিন পরিষ্কার করার কথা থাকলেও হয়তো সেদিন সেটি করা হয়নি। তিনি আরও বলেন, সত্যিই যদি ২০০ ইউরো জরিমানা করা হয়ে থাকে, তবে সেটি বড় কোনো বিষয় নয়; বিশ্বের বিভিন্ন দেশে হোটেলের নিয়ম ভিন্ন হওয়ায় এমন অনাকাঙ্ক্ষিত বিষয় ঘটতেই পারে।

ম্যানেজার রুবাইয়াত ঠাকুর দাবি করেন, হোটেল ছেড়ে আসার সময় কর্তৃপক্ষ কোনো ধরনের অভিযোগ জমা দেয়নি। তাঁরা ভেনিসের উদ্দেশ্যে রোম ত্যাগ করার পরেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অভিযোগ সামনে আনা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের বিষয়ে কোনো আইনি ব্যবস্থা নেবেন কি না জানতে চাইলে জেমস উদার মনোভাব ব্যক্ত করে জানান, বিষয়টিকে বড় কোনো বিতর্ক করার প্রয়োজন নেই।