নায়িকার কান ছিঁড়ে দুল নিয়ে গেল ছিনতাইকারী

এবার ছিনতাইকারীর হামলার শিকার হয়েছেন ঢাকাই সিনেমার আশির দশকের অভিনেত্রী রঞ্জিতা কনা। রাজধানীর রামপুরা এলাকায় রোববার (১৭ এপ্রিল) রাতে ছিনতাইকারী তার কানের দুল ধরে টান দিলে কান ছিঁড়ে দুই ভাগ হয়ে যায়।
জানা গেছে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে এফডিসিতে গিয়েছিলেন রঞ্জিতা। দীর্ঘদিন পর সহশিল্পীদের সঙ্গে আড্ডা ও নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ উপভোগ করে রাত সাড়ে ৯টার দিকে বাসায় ফিরছিলেন তিনি।
অভিনেত্রী জানান, রামপুরা বাজার এলাকার একটি গলি দিয়ে যাওয়ার সময় হঠাৎ একজন ছিনতাইকারী তাকে অনুসরণ করতে থাকে।কিছু বুঝে ওঠার আগেই ওই ব্যক্তি তার কানের দুল টেনে নিয়ে পালিয়ে যায়। এতে কানের একটি অংশ ছিঁড়ে যায় এবং রক্তপাত শুরু হয়। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে তার কানে সাতটি সেলাই দিতে হয়।
এদিকে, ফেসবুকে এক ভিডিও বার্তায় রঞ্জিতা বলেন, শিল্পী সমিতির নির্বাচন আমাদের কাছে সব সময় উৎসবমুখর। সেটা দেখার জন্য আমি এফডিসিতে গিয়েছিলাম। রাতের দিকে বাসার ফেরার সময় হঠাৎ কেউ আমাকে অনুসরণ করছিল। কিছু বুঝে ওঠার আগেই সেই ছিনতাইকারী আমার কানের দুল ধরে টান দেয়।
তিনি আরও বলেন, আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছি। পরে চিৎকার করি।তখন দেখি কান থেকে রক্ত ঝরছে। আমার কানে দুল নাই। ছিনতাইকারী দুল টান দেওয়ায় কানটা ছিঁড়ে গেছে। আমার কান দুই ভাগ হয়ে গেছে।
ঘটনার পর সহায়তার জন্য শিল্পী সমিতির কয়েকজন সদস্যকে ফোন দেন রঞ্জিতা। পরে অভিনেতা জয় চৌধুরী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হাসপাতালে নিয়ে যান।
আশির দশকের শেষ দিকে নায়করাজ রাজ্জাক পরিচালিত ‘ঢাকা ৮৬’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় রঞ্জিতার। সেই সিনেমায় তিনি অভিনয় করেছিলেন বাপ্পারাজের বিপরীতে। প্রথম সিনেমাতেই দর্শকের নজর কাড়েন তিনি। পরে ‘রাজা মিস্ত্রী’ ও ‘জ্বীনের বাদশা’সহ প্রায় ৩০টি সিনেমায় অভিনয় করেন। ২০০৫ সালের পর তাকে আর বড় পর্দায় দেখা যায়নি।