মৌ-এর কড়া হুঁশিয়ারি

শোবিজ তারকাদের নিয়ে সবসময়ই মানুষের বাড়তি আগ্রহ কাজ করে। পছন্দের তারকাদের নামে ভুয়া ফেসবুক আইডি থাকার খবরটি নতুন কিছু নয়। প্রায়ই দেখা যায় তারকাদের একাধিক আইডি। আর সেই সব ভুয়া আইডির কারণে তাদের বিড়ম্বনায় পড়তে হয়। এবার সেই তালিকায় যুক্ত হলো মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌয়ের নাম। ভুয়া আইডির যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে হুঁশিয়ারি করলেন তিনি।
ফেসবুকে মৌয়ের নামে একাধিক আইডি রয়েছে। যা নেটিজেনদের বিভ্রান্ত করছে। পাশাপাশি ওইসব অ্যাকাউন্ট থেকে নিয়মিত স্ট্যাটাস দেওয়া, ছবি আপলোড করা এবং তার পরিচিতজনদের পোস্টে মন্তব্য করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে এই মডেল জানিয়েছেন, ফেসবুকে তার একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট রয়েছে, যার নাম ‘সাদিয়া ইসলাম’। ‘সাদিয়া ইসলাম মৌ’ নামে তার কোনো ফেসবুক আইডি বা পেজ নেই। পাশাপাশি ইনস্টাগ্রামসহ অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমেও তার কোনো অ্যাকাউন্ট নেই বলে জানান তিনি।
এ বিষয়ে মৌ আরও বলেন, যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের সুন্দর করে অনুরোধ করছি—এ ধরনের অপপ্রচার বন্ধ করুন। আমার অনুমতি ছাড়া ছবি পোস্ট করা, লেখা দেওয়া আইনত অপরাধ।
এই অভিনেত্রী আরও বলেন, ইতোমধ্যে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সামনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ভক্ত, দর্শক ও পরিচিতজনদের উদ্দেশে মৌ সতর্ক করে বলেন, ভুয়া অ্যাকাউন্টের বন্ধু হয়ে আপনারা প্রতারিত হবেন না। আবারও বলছি, আমার কোনো ফ্যান পেজ নেই, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই। যারা এসব করছেন, সাবধান। অন্যথায় আইনি ব্যবস্থায় যা হওয়ার তা-ই হবে।
এর আগে নন্দিত অভিনেতা আলমগীরসহ অনেকের ফেক আইডির অস্তিত্ব পাওয়া গেছে সামাজিকমাধ্যমে। এবার তালিকায় নাম উঠল জনপ্রিয় এ মডেলের।