logo

‘দম’ ফেলে বিজ্ঞাপনের শুটিংয়ে নিশো

‘দম’ ফেলে বিজ্ঞাপনের শুটিংয়ে নিশো

সিনেমা ইন্ডাস্ট্রিতে ঈদের ব্যস্ততা শুরু হয়ে গেছে অনেক আগেই। বলতে গেলে এখন একেবারে শেষ মুহূর্তে সবাই। যার যার প্রোডাকশন নিয়ে তাই দম ফেলার সুযোগ নেই পরিচালক টিম ও শিল্পীদের। সেই ধারাবাহিকতায় অভিনেতা আফরান নিশো ব্যস্ত আছেন তার ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘দম’ সিনেমা নিয়ে। যার শুটিং মধ্য এশিয়ার দেশ কাজাখস্তান থেকে শুরু হয় গত বছর। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন লোকেশনে চলছে দৃশ্য ধারণের কাজ। সেই ব্যস্ততা ফেলে এবার বিজ্ঞাপনের শুটিংয়ে দেখা গেল নিশোকে।

নিশোর নতুন এই বিজ্ঞাপনটি চীনভিত্তিক বিখ্যাত ইলেকট্রনিক্স কোম্পানি শাওমির একটি সাব-ব্র্যান্ড রেডমি মোবাইলের ‘রেডমি নোট ১৫’-এর। যার শুটিং হচ্ছে রাজধানীর ৩০০ ফিট জলসিঁড়ি গলফ ক্লাবে। শুটিং হবে দুই দিন। এর মধ্যে বুধবার (২৮ জানুয়ারি) প্রথম দিনের শুটিং সম্পন্ন হয়েছে, দ্বিতীয় দিন ২৯ জানুয়ারি একই লোকেশনে হবে পরবর্তী লটের কাজ। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন আজমান রুশো। পিনহোল ফিল্মসের আরেকটি নতুন কাজ এটি।

এবারের রোজার ঈদে মুক্তির তালিকায় থাকা নিশোর ‘দম’ সিনেমাটি পরিচালনা করছেন রেদওয়ান রনি। এতে একসঙ্গে প্রথমবার কাজ করতে যাচ্ছেন পূজা চেরি, চঞ্চল চৌধুরী ও আফরান নিশো। জানা গেছে, বিজ্ঞাপনের শুটিং শেষে তিনি আবারও ‘দম’ টিমের সঙ্গে যুক্ত হবেন।