মাথায় চোট পেয়ে স্মৃতি হারিয়েছিলেন জেসমিন, এখন কেমন আছেন অভিনেত্রী

ভারতীয় অভিনেত্রী জেসমিন ভাসিন রিয়েলিটি শো ‘খতরোঁ কে খিলাড়ি-১৫’র সেটে ‘স্টান্ট’ করতে গিয়ে ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন। জানা গেছে, পানি ও হাওয়ার একটি ‘স্টান্ট’ করার সময় সাময়িক স্মৃতিশক্তি হারিয়েছিলেন তিনি।

চিকিৎসকরা জানান, মাথায় মৃদু আঘাত পাওয়ায় অসুস্থ হন জেসমিন। পরে অভিনেত্রীকে ৭২ ঘণ্টা সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন জেসমিন। অভিনেত্রীর ভাষ্য, ‘স্টান্ট’ শেষ হওয়ার পরে ঠিক কী ঘটেছিল, কিছুই মনে নেই তার। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি।

জেসমিন আরও বলেন, এই অভিজ্ঞতা মানসিকভাবে আমার জন্য খুব কঠিন ছিল। তবে নিজের সম্পর্কে অনেক কিছু শিখেছি। ভয় পেলেও শেষ পর্যন্ত পরিস্থিতির সঙ্গে লড়েছি এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি।
২০১১ সালে তামিল সিনেমা ‘ভানাম’ দিয়ে অভিনয় জীবন শুরু করেন জেসমিন। এরপর কন্নড় ও তেলুগু সিনেমায় কাজ করেন তিনি। এ ছাড়া হিন্দি ধারাবাহিকসহ বেশ কয়েকটি রিয়েলিটি শোতেও অংশ নেন অভিনেত্রী।


