logo
Advertisement

‘বরবাদ’-এর পর নতুন অবতারে যিশু-ইধিকা

এশিয়া পোস্ট বিনোদন
‘বরবাদ’-এর পর নতুন অবতারে যিশু-ইধিকা
ছবি: ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’ সিনেমার দৃশ্যে ইধিকা ও যিশু

ঢালিউডের ‘বরবাদ’ সিনেমায় যিশু সেনগুপ্ত ও ইধিকা পালকে দেখা গিয়েছিল ভিন্ন মেজাজের দুই চরিত্রে। এবার সেই জুটিই ফিরছেন একেবারে ভিন্ন আবহে। কলকাতার নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের নতুন সিনেমা ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’-এ নতুন লুক ও চরিত্রে হাজির হচ্ছেন এই দুই অভিনয়শিল্পী।

Advertisement

সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিনেমাটির ফার্স্ট লুক। সেখানেই যিশু ও ইধিকার চেহারায় বড় ধরনের পরিবর্তন দেখা গেছে। যিশুকে দেখা যাচ্ছে গোয়েন্দা কানাইচরণের চরিত্রে। ধূসর চুল, গোঁফ ও চোখে চশমায় তার লুকে ফুটে উঠেছে বয়সের ছাপ। স্থির দৃষ্টি ও চিন্তামগ্ন অভিব্যক্তিতে চরিত্রটিতে রহস্যের আবহও স্পষ্ট।

অন্যদিকে ইধিকাকে দেখা গেছে একেবারে ডি-গ্ল্যাম লুকে। নায়িকাসুলভ চাকচিক্য এড়িয়ে সাদামাটা সাজে হাজির হয়েছেন তিনি। ফলে ‘বরবাদ’-এ দর্শকদের পরিচিত যিশু-ইধিকার সঙ্গে নতুন সিনেমার এই রূপের বেশ পার্থক্য থাকছে।

সৃজিত মুখোপাধ্যায়ও জানিয়েছেন, যিশু ও ইধিকার জন্য তিনি ছকভাঙা লুক চেয়েছিলেন। তার ভাষ্য অনুযায়ী, এর আগে তাদের এভাবে দেখা যায়নি। চরিত্রের ধরন ও সময়ের আবহের সঙ্গে সামঞ্জস্য রেখেই তাদের চেহারা ও শরীরী ভাষা নির্ধারণ করা হয়েছে। ইধিকার ক্ষেত্রে তাই বেছে নেওয়া হয়েছে ডি-গ্ল্যাম লুক।

সৃজিতের গোয়েন্দা চরিত্রের তালিকায় এর আগে ব্যোমকেশ, ফেলুদা ও শার্লক হোমসের মতো পরিচিত চরিত্র এসেছে। তবে নতুন সিনেমার কানাইচরণ যে তাদের অনুসরণে তৈরি কোনো চরিত্র নয়, ফার্স্ট লুকেই তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পোশাক, চেহারা ও চরিত্রের উপস্থাপনায় আলাদা সময় ও আলাদা মেজাজ তৈরি করার চেষ্টা করেছেন পরিচালক।

সিনেমাটির গল্প নিয়ে অবশ্য এখনও অনেক কিছুই গোপন রাখা হয়েছে। কানাইচরণের তদন্তের বিষয় কী, সেই রহস্যে ইধিকার চরিত্রের ভূমিকা কী কিংবা তাদের সম্পর্কই বা কেমন- এসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি। এর আগে প্রকাশিত একটি ছবিতে ইধিকাকে সৃজিতের কাছ থেকে ক্রিকেটের প্রশিক্ষণ নিতে দেখা গিয়েছিল, যা সিনেমাটির গল্প নিয়ে দর্শকদের কৌতূহল আরও বাড়িয়েছে।

রাজর্ষি দাস ভৌমিকের লেখা গোয়েন্দা কাহিনি অবলম্বনে নির্মিত হচ্ছে ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’। সিনেমাটিতে যিশু সেনগুপ্ত, ইধিকা পাল ছাড়াও অনুজয় চট্টোপাধ্যায়, সুমন্ত মুখোপাধ্যায়, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়সহ আরও অভিনয়শিল্পী রয়েছেন।

সব মিলিয়ে ‘বরবাদ’-এর পর যিশু-ইধিকার নতুন সমীকরণ কেমন হয়, আর গোয়েন্দা কানাইচরণের রহস্যই বা কোন দিকে মোড় নেয়- সেটিই এখন দেখার বিষয়।

সূত্র: আনন্দবাজার