logo
Advertisement

নজরুলের ৫০তম প্রয়াণ দিবসে শিল্পকলায় দুই দিনের আয়োজন

এশিয়া পোস্ট বিনোদন
নজরুলের ৫০তম প্রয়াণ দিবসে শিল্পকলায় দুই দিনের আয়োজন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে দুই দিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ‘আমারে দেবো না ভুলিতে’ শিরোনামের এ আয়োজনে নজরুলের সাহিত্য, সংগীত, নৃত্য ও অসাম্প্রদায়িক চেতনা তুলে ধরা হবে।

Advertisement

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানটি ২৭ ও ২৮ আগস্ট ঢাকার জাতীয় নাট্যশালা মিলনায়তন এবং জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে। দুই দিনই অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

২৭ আগস্ট জাতীয় নাট্যশালা মিলনায়তনে অর্কেস্ট্রা পরিবেশনা ‘তোরা সব জয়ধ্বনি কর’-এর মধ্য দিয়ে আয়োজন শুরু হবে। এরপর বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীদের সমবেত নৃত্য ‘আমারে দেবনা ভুলিতে’ এবং কণ্ঠশিল্পীদের সমবেত সংগীত ‘শঙ্কাশূন্য লাখো কণ্ঠে বাজিছে শঙ্খ ঐ’ পরিবেশিত হবে।

এদিন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, সরকারি সংগীত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমবেত সংগীতের পাশাপাশি একক সংগীত পরিবেশন করবেন সালাউদ্দিন আহমেদ, ফেরদৌস আরা, রাহাত আরা গীতি, ফাতেমা তুজ জোহরা, শহীদ কবির পলাশ, ড. নাশিদ কামাল, ছন্দা চক্রবর্তী, অলোক সেন, রোদসী ও ইউসুফ আহমেদ খান।

এ ছাড়া বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস, নৃত্যালোক সাংস্কৃতিক সংগঠন, ভাবনা, শিখর কালচারাল সংগঠন, কায়া আশ্রম, কত্থক নৃত্য সম্প্রদায় ও স্পন্দনের শিল্পীরা সমবেত নৃত্য পরিবেশন করবেন। আবৃত্তি করবেন টিটো মুন্সী, ফারহানা তৃণা ও এনামুল হক জুয়েল।

২৮ আগস্ট জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে দ্বিতীয় দিনের আয়োজন শুরু হবে। এদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়, অচিন পাখি ও ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা সমবেত সংগীত পরিবেশন করবেন।

একক সংগীতে অংশ নেবেন মুন্নী কাদের, মোনালীন আজাদ, ইয়াসমিন মুস্তারি, আনন্দ মজুমদার, পুষ্পিতা বণিক, ইয়াকুব আলী খান, ড. পরিতোষ মণ্ডল, শামীমা পারভীন শিমু, মৌসুমি ইকবাল ও মোহমান ইসলাম।

দ্বিতীয় দিন সাত্ত্বিক শিল্পাশ্রম, নৃত্যবৃত্তি, নাইম খান ডান্স কোম্পানি, নৃত্যাল্পনা, আরাধনা ও ভঙ্গিমা ডান্স থিয়েটারের শিল্পীরা সমবেত নৃত্য পরিবেশন করবেন। আবৃত্তি করবেন শামীমা এলিস, ইকবাল আহমেদ ও সামা ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমান।

মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মনজুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।

আয়োজকদের ভাষ্য, নজরুলের প্রয়াণ হলেও তাঁর সৃষ্টির মধ্য দিয়ে তার অনন্ত জাগরণ আজও অব্যাহত। বিদ্রোহ, সাম্য, প্রেম, মানবতা ও অসাম্প্রদায়িকতার চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

দুই দিনব্যাপী এ আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।