logo

আলিফ আলাউদ্দীনের চতুর্থ অ্যালবাম প্রকাশ

আলিফ আলাউদ্দীনের চতুর্থ অ্যালবাম প্রকাশ

দেশের সংগীতাঙ্গনের জনপ্রিয় নাম সংগীতশিল্পী আলিফ আলাউদ্দীন। গানের পাশাপাশি নিজের ব্যক্তিজীবন নিয়েও তিনি পরিচিত। নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে যাওয়া এই শিল্পী এবার নিজেরে চতুর্থ অ্যালবাম প্রকাশ করলেন। সহকর্মীদেরসঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে অ্যালবামটি প্রকাশিত হয় ২১ এপ্রিল, যা ইতোমধ্যেই সংগীতপ্রেমীদের মাঝে আগ্রহ তৈরি করেছে।

নিজের অ্যালবাম নিয়ে আলিফ এশিয়া পোস্টকে বলেন, ‘আমার সেল্ফ টাইটেল্ড চতুর্থ অ্যালবাম ‘আলিফ আলাউদ্দীন’ প্রকাশ পেয়েছে ২১ এপ্রিল। এই অ্যালবামে মোট ৬টি গান আছে। চারটি মৌলিক গানে কথা লিখেছি আমি নিজেই, সুর করেছেন কাজী ফায়সাল আহমেদ। বাকি দুটো গান ট্রিবিউট হিসেবে রাখা হয়েছে। দুটি গানই অরিজিনালি আমার মা (সালমা সুলতানার) গাওয়া গান। একটি গানের কথা কাওসার আহমেদ চৌধুরির লেখা ও সুর আইয়ূব বাচ্চুর এবং আরেকটি গানের কথা লিখেছেন মনিরুজ্জামান মনির, সুর আমার বাবা আলাউদ্দীন আলীর। সবগুলো গানের সংগীতায়োজন করেছেন কাজী ফায়সাল আহমেদ। অ্যালবাম রেকর্ড হয়েছে ‘ফেইস দ‍্যা মিউজিক’ স্টুডিওতে।’

অ্যালবামটির গান, সুর, সংগীতায়োজন ও কথার ভিন্নতা শ্রোতাদের জন্য এক নতুন অভিজ্ঞতা এনে দেবে বলে আশা করছেন আলিফ। শিল্পী আলিফ আলাউদ্দীন তার এই কাজ নিয়ে বেশ আশাবাদী এবং জানিয়েছেন, দীর্ঘ সময়ের পরিশ্রম ও ভালোবাসা দিয়ে অ্যালবামটি তৈরি করা হয়েছে।

সংগীতজগতে আলিফ আলাউদ্দীন তার স্বতন্ত্র স্টাইল ও সুরের জন্য পরিচিত। তার আগের অ্যালবামগুলোও শ্রোতাদের মাঝে প্রশংসিত হয়েছে। নতুন এই অ্যালবামের মাধ্যমে তিনি আবারও নিজের সৃজনশীলতার স্বাক্ষর ধরে রেখেছেন। অ্যালবাম প্রকাশ উপলক্ষে ঘনিষ্ঠজন ও সহকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।