logo

‘শয়তান খোঁজে সুখী পরিবার’

‘শয়তান খোঁজে সুখী পরিবার’

ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্য ‘আত্মহত্যা’ করেছিলেন ১৭ বছর আগে। আলোড়ন তোলা সেই ঘটনা থেকে প্রেরণা নিয়ে নির্মিত হয়েছিল ‘চক্র’। এবার আসছে ‘চক্র-২’। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে এই পোস্টারটি প্রকাশের পরেই নড়েচড়ে বসেন নেটিজেনরা।

ভয়াবহ সেই পোস্টারটিতে শুধু বডি, কিন্তু মাথা নেই! পুরো শরীর রক্তে ভেজা। এক হাতে রক্তাত্ব চাপাতি, অন্যহাতে কব্জি কাটা এক হাত ধরে রাখা। নাভির চারপাশ ক্ষত-বিক্ষত! 

পোস্টারে থাকা মানুষটি অভিনেতা তৌসিফ মাহবুব। একযুগের ক্যারিয়ারে এই অভিনেতা এবারই প্রথম ওয়েব সিরিজ করে এমন চরিত্রে কাজ করলেন। আসন্ন ঈদে মুক্তির লক্ষ্যে নির্মিত ভিকি জাহেদের পরিচালনায় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের ওয়েব সিরিজ ‘চক্র ২’-এর পোস্টার। যেখানে লেখা ‘শয়তান খোঁজে সুখী পরিবার’।

সংশ্লিষ্টরা বলছেন, ময়মনসিংহের সেই অভিশপ্ত আদম পরিবারের পেছনের আসল সত্যটা কী ছিল? প্রথম সিজনের শেষে যেখানে রহস্য শ্বাসরুদ্ধকর অবস্থায় পৌঁছেছিল, ঠিক সেখান থেকেই আবার শুরু হচ্ছে নতুন এক সাইকোলজিক্যাল গেম।

প্রথমটি রিলিজের পর আলোচনা তৈরি করেছিল। এবার রহস্যের জট খুলতে আসন্ন ঈদুল ফিতরে চোখ রাখতে বলা হচ্ছে ‘চক্র’ সিজন ২-এ!