logo

এবার বড় পর্দায় কাজ করতে চান মৌ

এশিয়া পোস্ট বিনোদন
এশিয়া পোস্ট বিনোদন
এবার বড় পর্দায় কাজ করতে চান মৌ
মৌ রহমান। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে

মডেলিং, ফ্যাশন ডিজাইনিং ও অভিনয় তিন অঙ্গনেই নিজের পরিচিতি তৈরি করেছেন মৌ রহমান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ অভিনেত্রী ও ফ্যাশন ডিজাইনারের জন্মদিন।

বিশেষ এই দিনটিতে পরিবারের সঙ্গেই সময় কাটাতে ভালোবাসেন মৌ। জন্মদিনের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, পরিবারের সঙ্গে কাটানো সময়ই তার কাছে এই বিশেষ দিনটির সবচেয়ে বড় আনন্দ।

মৌ রহমানের শোবিজে পথচলার শুরুটা হয় মডেলিং দিয়ে। আরটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘লুক অ্যাট মি’-এর মডেল হিসেবে শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি। এরপর সাদাকালো, ডায়মন্ড ওয়ার্ল্ড, পুরবী জুয়েলার্সসহ দেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের মডেল হিসেবে কাজ করে পরিচিতি পান। মডেলিংয়ের পাশাপাশি মিউজিক ভিডিওতেও দেখা গেছে মৌকে। লিয়াস হোসেনের ‘চোখ তো সরে না’, মিলন মাহমুদের ‘হাতটা ধরো’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন তিনি।

অভিনয়েও নিজের দক্ষতার ছাপ রেখেছেন মৌ রহমান। সকাল আহমেদের ‘শান্তিপুরে অশান্তি’ এবং রিপন নাগ পরিচালিত চ্যানেল আইয়ের মেগা ধারাবাহিক নাটক ‘সাত ভাই চম্পা’-তে অভিনয় করেছেন তিনি। এর বাইরে আরও বেশ কয়েকটি জনপ্রিয় টেলিভিশন নাটকে বিভিন্ন চরিত্রে দেখা গেছে এই অভিনেত্রীকে।

চলচ্চিত্রে কাজের আগ্রহের কথাও জানিয়েছেন মৌ রহমান। তবে এ ক্ষেত্রে গল্পকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চান তিনি। মৌ বলেন, ‘মনের মতো গল্প হলে সিনেমাতে কাজ করার ইচ্ছে আছে।’

পারিবারিকভাবে শোবিজে আসার পরিকল্পনা ছিল না মৌ রহমানের। বরং বাবা চেয়েছিলেন মেয়ে চিকিৎসক হোক। তবে সময়ের পরিক্রমায় কীভাবে যে মিডিয়ায় যুক্ত হয়ে গেলেন, তা নিজেও জানেন না বলে জানান মৌ। তিনি বলেন, ‘বাবা চেয়েছিলেন আমি ডাক্তার হবো। কীভাবে যে হঠাৎ করে মিডিয়ায় যুক্ত হয়ে গেলাম, আমি আসলে নিজেও জানি না।’

মৌয়ের বাবা একজন ব্যবসায়ী। দুই ভাই-বোনের মধ্যে তিনি বড়। বর্তমানে শান্তা-মারিয়ামে ফ্যাশন ডিজাইন বিষয়ে পড়াশোনা করছেন এ অভিনেত্রী।