নিজের জীবনের তিক্ত সত্যের কথা তুলে ধরলেন রিয়া

বিতর্ক ও অপবাদ যেন এখনও পিছু ছাড়ছে না ভারতীয় অভিনেত্রী রিয়া চক্রবর্তীর। সব মানসিক ট্রমা ও লড়াই সামলে আবারও ক্যামেরার সামনে কাজে ফিরলেও পুরোনো সেই কষ্ট থেকে যে তিনি এখনও বের হতে পারেননি, তার জলজ্যান্ত প্রমাণ মিলল ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দ্য ট্রেইটরস’-এর মঞ্চে।
সম্প্রতি প্রকাশিত ওই শোয়ের পঞ্চম পর্বে সহ-প্রতিযোগী শ্বেতা তিওয়ারি যখন রিয়াকে ‘বিশ্বাসঘাতক’ মনে না করার কারণ জানতে চান, তখন নিজের জীবনের কঠিন ও তিক্ত সত্যের কথা তুলে ধরেন রিয়া।
শোয়ের মঞ্চে আবেগপ্লুত হয়ে রিয়া বলেন, ‘আমি এই খেলায় কোনোভাবেই “বিশ্বাসঘাতক” বা “খুনি” সাজতে চাই না। কারণ, বাস্তব পৃথিবী এমনিতেই আমাকে বহু দিন ধরে ওই চোখে দেখে আসছে। এটা আমি সম্পূর্ণ আমার ব্যক্তিগত জীবনের তিক্ত অভিজ্ঞতা থেকে বলছি। এই শোয়ে এসে স্বেচ্ছায় কাউকে “খুন” করার নাটক করার মানসিকতা আমার নেই। এতে পরিস্থিতি আরও খারাপ হবে এবং মানুষ আবারও আমাকে নিয়ে নোংরা ট্রল বা মিম বানাবে।”
নিজের ওপর হওয়া মারাত্মক সামাজিক ট্রলিংয়ের কথা স্মরণ করে রিয়া আরও বলেন, ‘আমার ধারণা, দেশের মধ্যে সবচেয়ে বেশি ট্রল বা কটাক্ষের শিকার হওয়া মানুষ সম্ভবত আমিই। আপনারা সবাই জানেন এর পেছনে আসল কারণ কী ছিল। তবে একটা বিষয় স্পষ্ট, আমি অন্ধের মতো ভেড়ার পালে হাঁটার পাত্রী নই। আর আমি সহজে কাউকে বিশ্বাস করি না কিংবা নিজের ওপর প্রভাব বিস্তারও করতে দিই না।’
উল্লেখ্য, রিয়া চক্রবর্তী শেষ পর্যন্ত শোয়ের এই পর্বের ভোটাভুটিতে টিকে গেলেও বাদ পড়েছেন অপর প্রতিযোগী পারুল গুলাটি। তবে শোয়ের এই পর্ব থেকে স্পষ্ট যে, বিনোদন জগতে ফিরলেও অতীত অপবাদ ও ট্রমা রিয়ার দৈনন্দিন জীবনে এখনও ছায়ার মতো তাড়া করে বেড়াচ্ছে।



