logo

জয়পুরহাটের নান্দাইল দিঘি থেকে ‘ইত্যাদি’ প্রচারিত হবে আজ

জয়পুরহাটের নান্দাইল দিঘি থেকে ‘ইত্যাদি’ প্রচারিত হবে আজ
জয়পুরহাটে ‘ইত্যাদি’র নতুন পর্ব। ছবি: হানিফ সংকেত এর ফেসবুক থেকে

সীমান্তবর্তী জেলা জয়পুরহাটের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির নানা গল্প নিয়ে সাজানো হয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্ব। জেলার কালাই উপজেলার ঐতিহাসিক নান্দাইল দিঘির পাড়ে ধারণ করা পর্বটি প্রচারিত হবে শুক্রবার (২৭ নভেম্বর) রাতে।

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পর্দায় রাত ৮টার বাংলা সংবাদের পর দেখা যাবে অনুষ্ঠানটি। বরাবরের মতো এবারের পর্বও রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

Advertisement

সপ্তদশ শতাব্দীতে খনন করা নান্দাইল দিঘির কোল ঘেঁষে নান্দাইল দিঘি কলেজ প্রাঙ্গণে নির্মিত হয়েছিল এবারের মঞ্চ। ফাগুন অডিও ভিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘ইত্যাদি’র এবারের আয়োজনকে ঘিরে জয়পুরহাটজুড়ে তৈরি হয় উৎসবের আমেজ। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আমন্ত্রণপত্র বিতরণ করা হলেও ধারণের নির্ধারিত সময়ের আগেই দর্শকে ভরে যায় অনুষ্ঠানস্থল।

কালাই ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা এবং আশপাশের জেলা থেকে হাজারো মানুষ অনুষ্ঠানে অংশ নেন। মূল প্রাঙ্গণে জায়গা না পেয়ে অনেকে আশপাশের ভবনের ছাদ, সড়কের পাশ, দেয়াল এমনকি গাছের ডালে বসেও অনুষ্ঠান উপভোগ করেন।

এবারের পর্বে থাকছে তিনটি গান। জয়পুরহাটের সন্তান সংগীতশিল্পী খুরশীদ আলমের জনপ্রিয় তিনটি গানের সমন্বয়ে তৈরি হয়েছে একটি সংকলিত পরিবেশনা। ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি গান নতুন সংগীতায়োজনে গেয়েছেন জয়পুরহাটের ফাতেমা তুজ জোহরা ও নওগাঁর ইয়াসমিন মুশতারি।

এ ছাড়া জয়পুরহাটের ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতি নিয়ে মনিরুজ্জামান পলাশের লেখা একটি দ্বৈতকণ্ঠের গান থাকছে। এতে কণ্ঠ দিয়েছেন রাশেদ ও স্বীকৃতি। গানটির সঙ্গে স্থানীয় নৃত্যশিল্পীরা অংশ নিয়েছেন এস কে জাহিদের পরিচালনায়। তিনটি গানেরই সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।

দর্শকপর্বেও থাকছে স্থানীয় উপাদান। প্রশ্নোত্তরের মাধ্যমে নির্বাচিত চারজন অংশ নেবেন একটি নাট্যাংশে। জয়পুরহাটের পরিচিত দুই পণ্য ‘লতিরাজ কচু’ ও ‘সোনালি মুরগি’ নিয়ে তৈরি এই নাট্যাংশে তারা অভিনয় করবেন স্থানীয় ভাষায়।

জেলার কৃষি, পোল্ট্রি শিল্প, ইতিহাস, ঐতিহ্য ও দর্শনীয় স্থান নিয়ে থাকছে একটি তথ্যভিত্তিক প্রতিবেদন। পাশাপাশি উঠে আসবে জয়পুরহাটের তিন বাকপ্রতিবন্ধী ভাইয়ের জীবনসংগ্রাম ও অনুপ্রেরণার গল্প। সদর উপজেলার দোগাছী ইউনিয়নের শিল্পী প্রসেনজিৎ বর্মনের কাজও তুলে ধরা হবে। মাটির ক্যানভাসে ছাই ব্যবহার করে প্রকৃতির দৃশ্য ফুটিয়ে তোলেন তিনি।

জয়পুরহাটের বাইরের একটি মানবিক উদ্যোগও থাকছে এবারের আয়োজনে। যশোরের কেশবপুরের ক্ষুদ্র কৃষক ও মুদি ব্যবসায়ী লিয়াকত আলীর চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নিয়ে তৈরি হয়েছে আরেকটি প্রতিবেদন।

নিয়মিত চিঠিপত্রের পাশাপাশি থাকছে ‘কাকেম টিভির রিপোর্টার ও নাতীর প্রাণবন্ত আলাপ’। সামাজিক অসংগতি ও সমসাময়িক নানা বিষয় নিয়ে থাকছে বেশ কয়েকটি বিদ্রূপাত্মক নাট্যাংশ।

অনুষ্ঠানের বিভিন্ন অংশে অভিনয় ও অংশগ্রহণ করেছেন সোলায়মান খোকা, মাসুম বাসার, মীর নাসিমুল ইসলাম সেলিম, শুভাশীষ ভৌমিক, আব্দুল আজিজ, মিলি বাসার, বড়দা মিঠু, জিল্লুর রহমান, তারেদ ইমরুল চন্দন, আমিন আজাদ, আনোয়ার শাহী, শাহেদ আলী, মামুনুল হক টুটু, আবু হেনা রনি, সুবর্ণা মজুমদারসহ অনেকে।

‘ইত্যাদি’র শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন মুকুল আনোয়ার মুকুল। সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন রানা সরকার ও মোহাম্মদ মামুন।