logo

জাস্টিন বিবারের সঙ্গে প্রেমের গুঞ্জনে আলোচিত মডেল সাহারা রে আর নেই

জাস্টিন বিবারের সঙ্গে প্রেমের গুঞ্জনে আলোচিত মডেল সাহারা রে আর নেই
সাহারা রে। ছবি: মেন'স জার্নাল

অস্ট্রেলীয় মডেল ও ফ্যাশন ডিজাইনার সাহারা রে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৩৪ বছর। চলতি বছরের জানুয়ারিতে কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। মৃত্যুর সময় তার পাশে ছিলেন পরিবারের সদস্যরা। একমাত্র মেয়েকে রেখে তার চলে যাওয়ার খবরে শোক প্রকাশ করছেন ভক্ত ও অনুসারীরা।

গত রোববার (১৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে মারা যান সাহারা। সোমবার তার মৃত্যুর খবর প্রকাশ করে মার্কিন বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম টিএমজেড। পরিবারের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, মৃত্যুর সময় স্বজনেরা তার পাশে ছিলেন। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুর আগে সাহারাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। ফেন্টানিল নামের শক্তিশালী ব্যথানাশক ওষুধের অতিরিক্ত মাত্রা গ্রহণের সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি। ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেছিল কি না, সেটিও স্পষ্ট নয়।

মা হওয়ার পর মেয়েকে ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মুহূর্ত ভাগ করে নিতেন সাহারা। চলতি বছরের জানুয়ারিতে জন্ম হয় তার কন্যা স্নোর। গর্ভাবস্থা থেকে শুরু করে মা হিসেবে নতুন জীবনের নানা অভিজ্ঞতা অনুসারীদের সামনে তুলে ধরেছিলেন তিনি। গত ১৯ জুলাই ইনস্টাগ্রামে মেয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে কয়েকটি ছবি প্রকাশ করেন সাহারা। এটিই ছিল তার ইনস্টাগ্রাম পাতায় সর্বশেষ পোস্ট। তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর পোস্টটি ঘিরে শোক জানাচ্ছেন অনুসারীরা।

মৃত্যুর আগের কয়েক বছর শারীরিক নানা জটিলতার মধ্য দিয়ে যেতে হয়েছে সাহারাকে। ২০২৪ সালে তিনি জানিয়েছিলেন, গিয়াঁ-বারে সিনড্রোম নামের বিরল স্নায়বিক রোগে আক্রান্ত হয়েছেন। এর আগে একটি গাড়ি দুর্ঘটনার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

সাহারার ভাষ্য অনুযায়ী, ওই বছরের এপ্রিলে এক মদ্যপ চালকের গাড়ির ধাক্কায় আহত হওয়ার পর তার শরীরে গুরুতর সমস্যা দেখা দেয়। একপর্যায়ে ঊরুর ওপরের অংশ থেকে পায়ের পাতা পর্যন্ত অনুভূতি ও চলাচলের ক্ষমতা হারান তিনি। চলাফেরার জন্য হুইলচেয়ার ও হাঁটার সহায়ক সরঞ্জাম ব্যবহার করতে হতো তাকে।

অস্ট্রেলিয়ার পরিচিত সার্ফার টনি রের মেয়ে সাহারা শৈশবের বড় একটি সময় কাটিয়েছেন অস্ট্রেলিয়া, ক্যালিফোর্নিয়া ও হাওয়াইয়ে। সমুদ্র ও সার্ফিংয়ের পরিবেশে বেড়ে ওঠা সাহারা পরে মডেলিং ও ফ্যাশন ডিজাইনের জগতে নিজের পরিচিতি গড়ে তোলেন। ২০১৪ সালে নিজের সাঁতারের পোশাকের ব্র্যান্ড ‘সাহারা রে সুইম’ চালু করেন তিনি। মডেলিংয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও জনপ্রিয়তা অর্জন করেছিলেন সাহারা। তার জীবনযাপন, ফ্যাশন ও ব্যক্তিগত মুহূর্ত নিয়ে অনুসারীদের আগ্রহ ছিল।

২০১৬ সালে কানাডীয় পপ তারকা জাস্টিন বিবারের সঙ্গে হাওয়াইয়ে ছুটি কাটানোর ছবি প্রকাশ্যে আসার পর আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনায় আসেন সাহারা। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন ছড়ালেও কেউই আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করেননি। এর আগে অস্ট্রেলীয় সংগীতশিল্পী কোডি সিম্পসনের সঙ্গেও তার সম্পর্কের গুঞ্জন উঠেছিল।

শারীরিক অসুস্থতার পাশাপাশি ব্যক্তিজীবনের নানা সংকট নিয়েও প্রকাশ্যে কথা বলেছিলেন সাহারা। ২০২১ সালের ডিসেম্বরে তিনি জানিয়েছিলেন, মাদক ও অ্যালকোহলনির্ভরতা থেকে বেরিয়ে আসতে চিকিৎসা নিচ্ছেন। এ জন্য ৩০ দিনের একটি পুনর্বাসন কর্মসূচিতেও অংশ নিয়েছিলেন তিনি।

সূত্র: টিএমজেড, ডেইলি মেইল