অথৈকে মেরে তিশা বললেন, ‘সে ভবিষ্যতে আমার কাছে ক্ষমা চাইবে’

আলোচনায় আবারও অভিনেত্রী তানজিন তিশা। গেল ২৪ ঘণ্টায় তাকে নিয়ে কয়েকশে নিউজ হয়েছে দেশের গণমাধ্যমে। যার বিষয়—সহকর্মী অভিনেত্রী সামিয়া অথৈকে তিনি বেধড়ক মারধর করেছেন। অথৈ অভিযোগটি নিজের ফেসবুক পেজ থেকে সোমবার বিকেলে লাইভ ভিডিওর মাধ্যমে সবার সামনে আনেন।
ঘটনার সূত্রপাত ঢাকার অদূরে মানিকগঞ্জে। যেখানে নির্মাতা রাফাত মজুমদার রিংকুর নাটকের শুটিং সেটে তাকে সজোরে চড় মেরে ও খামচি দিয়ে রক্তাক্ত করেন তিশা। এরপরই শুরু হয় আলোচনা-সমালোচনা। বিষয়টি যখন নাটক ইন্ডাস্ট্রির আলোচনার কেন্দ্রে ঠিক তখনই নিজের অবস্থান পরিষ্কার করেন তিশা। জানান, অথৈর অভিযোগ সত্য নয়, তিনি যা করেছেন, তা পুরোপুরি চরিত্রের প্রয়োজনে।
ভিডিওতে অথৈ তিশার বিরুদ্ধে বিস্তর অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘আমরা নতুন একটি টেলিভিশন ফিকশনের শুটিং করছিলাম মানিকগঞ্জে। সোমবার (২ মার্চ) প্রথম শুটিংয়ে আমি তিশা আপুর জন্য ঢাকা থেকে কেক নিয়ে যাই, কিন্তু সেটা তিনি নেননি। এরপর প্রথম শটেই তিনি আমাকে খামচি দিয়ে রক্তাক্ত করে ফেলেন। বিষয়টি আমি স্বাভাবিকভাবে নিয়ে মনিটরের সামনে যাই শটটি দেখতে। এরপর মনিটরে বসে পুরো দৃশ্যটি দেখছিলেন অভিনেতা শহিদুজ্জামান সেলিম এবং পরিচালক রিংকু। এই দৃশ্য দেখে সেলিম ভাই অবাক হয়ে আমার কাছে জানতে চান তিশা কেন এমন আচরণ করলেন এবং আমাদের মাঝে আগে থেকে কোনো ঝামেলা ছিল কি না। তখন আমি বলি মুশফিক আর ফারহানের সঙ্গে কাজ না করতে আমাকে মানা করেছিলেন। এমনকি বলে ছিলেন ফারহান তার জামাই হয়। সেটাও দুই বছর আগের কথা।’
অথৈ আরও জানান শুধু তাকেই নয়, অভিনেত্রী কেয়া পায়েলসহ আরও অনেককেই ফোন করে ফারহানের সঙ্গে কাজ করতে নিষেধ করে হুমকি দেন তিশা। সে সময় তিশার কাছে এর কারণ জানতে চাইলে তিনি দাবি করেন ফারহান তার ‘জামাই’। এই ঘটনার পর অথৈ বিষয়টি ফারহানকে জানান এবং পরবর্তীতে তার সঙ্গে আর কাজ করেননি।
এরপর বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন তিশা। তিনি বলেন, ‘চরিত্রের প্রয়োজনে আমাদের অনেক সময় এমন কিছু দৃশ্য করতে হয়, যা সহকর্মীদের সঙ্গে শারীরিকভাবে ইনভলভ হতে হয়। তেমনই একটি দৃশ্য অথৈর সঙ্গে ছিল আমার। কারণ এই প্রোজেক্টে আমি স্পেশাল চাইল্ডের চরিত্রে অভিনয় করছি। যাকে আমরা অটিস্টিক বলি। চরিত্রের প্রয়োজনে যে মারতে পারে, কামড় দিতে পারে, পানিতে চুবিয়ে মেরে ফেলতেও পারে। সে (সামিয়া অথৈ) এমনভাবে লাইভ করেছে, তাতে মনে হবে, আমি হয়তো তাকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করেছি। এখানে ব্যক্তিগত আক্রমণের কোনো বিষয় নেই। এটা তার বুঝতে ভুল হয়েছে। আমি যতটুকু করেছি, চরিত্রের প্রয়োজনে করেছি, যতটুকু স্ক্রিপ্টে ছিল, ততটুকু করেছি। চরিত্রের বাইরে কিছু করিনি। তাই সময় হলে অথৈ ওর ভুল বুঝতে পারবে বলে আমি বিশ্বাস করি এবং ভবিষ্যতে সে আমার কাছে তার এই আচরণের জন্য ক্ষমা চাইবেন বলেও আমি বিশ্বাস করি।’
এ সময় তানজিন তিশা অভিযোগ করেন ফেসবুক লাইভে অথৈ ইচ্ছাকৃতভাবে তাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। তিনি জানান, পুরো বিষয়টি উদ্দেশ্যমূলক।