চট্টগ্রামে এক মঞ্চে অর্থহীন, নেমেসিসসহ জনপ্রিয় রক ব্যান্ড

চট্টগ্রামে বসতে যাচ্ছে দেশের রক সংগীতপ্রেমীদের জন্য বড় আয়োজন ‘ওভারলোড ফেস্টিভ্যাল ২০২৬’। লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্ট আয়োজিত এ মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে আগামী ১১ সেপ্টেম্বর চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টারে।
একই মঞ্চে পারফর্ম করবে দেশের জনপ্রিয় রক ব্যান্ড ও শিল্পীরা। আয়োজকদের তথ্য অনুযায়ী, ফেস্টিভ্যালে মঞ্চ মাতাবে অর্থহীন, অ্যাভয়েডরাফা, এ. কে. রাহুল, নেমেসিস, লেভেল ফাইভ ও তীরন্দাজ।
দীর্ঘ বিরতির পর এ আয়োজনে মঞ্চে ফিরছে অর্থহীন। ফলে ব্যান্ডটির ভক্তদের মধ্যে ফেস্টিভ্যালটি ঘিরে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। পাশাপাশি অংশ নেওয়া অন্য শিল্পী ও ব্যান্ডগুলোর পরিবেশনাও আয়োজনটিকে আরও বৈচিত্র্যময় করে তুলবে বলে জানিয়েছে আয়োজকরা।
আয়োজকদের ভাষ্য, ‘ওভারলোড ফেস্টিভ্যাল ২০২৬’-এ দর্শকরা শুধু লাইভ পারফরম্যান্সই নয়, অত্যাধুনিক স্টেজ প্রোডাকশন, সাউন্ড ও লাইটিংয়ের অভিজ্ঞতাও পাবেন। রক সংগীতের ভক্তদের পাশাপাশি দেশের লাইভ মিউজিক সংস্কৃতির সঙ্গে যুক্ত দর্শকদের জন্যও এটি হতে যাচ্ছে বড় একটি আয়োজন।
ইভেন্ট সূচি অনুযায়ী, ১১ সেপ্টেম্বর দুপুর ২টায় দর্শকদের জন্য গেট খুলবে। শো শুরু হবে বিকেল ৩টায়। সন্ধ্যা ৬টায় গেট বন্ধ হয়ে যাবে এবং রাত ১০টায় অনুষ্ঠান শেষ হওয়ার কথা রয়েছে।
ফেস্টিভ্যালের টিকিট বিক্রি শুরু হয়েছে অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ‘গেট সেট রক’-এ।
এবারের আয়োজনের টাইটেল স্পনসর এক্স ফোর্স এবং কো-পাওয়ার্ড স্পনসর অনার। মিডিয়া পার্টনার স্টার নিউজ। এছাড়া পোলার, ভাইব পারফিউম স্প্রে, কোকা-কোলা, এয়ার অ্যাস্ট্রা, আইস, গেট সেট রক, সারাজ ও রেডকার্পেট বিভিন্ন পার্টনার হিসেবে যুক্ত রয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, দেশের বিভিন্ন প্রান্তের রক সংগীতপ্রেমীদের অংশগ্রহণে ‘ওভারলোড ফেস্টিভ্যাল ২০২৬’ চট্টগ্রামে পরিণত হবে বড় এক লাইভ মিউজিক মিলনমেলায়।


