সংগীতশিল্পী রবি দের মরদেহ উদ্ধার

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতের কালজয়ী সংগীতশিল্পী রবি দে। গেলো ১৪ আগস্ট রাতে নিজ বাসা থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। মৃত্যুর সময় রবি দে’র বয়স হয়েছিল ৭০ বছর। খবর: টাইমস অব ইন্ডিয়া
জানা গেছে, দক্ষিণ-পূর্ব দিল্লির গোবিন্দপুরী এলাকায় রবি দের বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে পুলিশ কনট্রোল রুমে ফোন করে বিষয়টি জানায় প্রতিবেশীরা। এরপর পুলিশ এসে সংগীতশিল্পীর মরদেহ উদ্ধার করে।
ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে দেখে, বাড়ির প্রধান গেট ভেতর থেকে তালাবদ্ধ এবং লোহার তৈরি হওয়ায় ভেতরে প্রবেশ করার বিকল্প কোনো পথ নেই। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়।
মৃত্যুর প্রায় তিন দিন পর মরদেহ উদ্ধার করা হয় রবি দের। গেলো তিন বছর ধরে সেখানে একাই বসবাস করছিলেন তিনি। প্রাথমিক তদন্তে কোনো অন্তর্ঘাত বা ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ফরেনসিক দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং গেলো ১৬ আগস্ট ময়নাতদন্ত শেষে রবি দে’র মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
তদন্তের সময় রবি দের দুই ছেলে তর্জ ও রঙ্গন পুলিশকে জানায়, বাবা-মায়ের বিচ্ছেদের পর থেকে সেখানে একাই থাকতেন তিনি। কাজের ব্যস্ততার জন্য গত দুই-তিনদিন ধরে বাবার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি তারা।


