চলচ্চিত্রে রজনীকান্তের ৫১ বছর পূর্ণ

ভারতীয় চলচ্চিত্রে ৫১ বছর পূর্ণ করেছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। গত ১৫ আগস্ট কেক কেটে বর্ণাঢ্য চলচ্চিত্রযাত্রার মাইলফলক উদ্যাপন করেন অভিনেতা। এ সময় উপস্থিত ছিলেন সিনেজগতের অভিনয়শিল্পী ও কলাকুশলীরা।
১৯৭৫ সালে এই দিনে ‘অপূর্ব রাগাঙ্গাল’ সিনেমা দিয়ে অভিনয় জীবনের শুরু হয়েছিল রজনীকান্তের। শুরুতে পার্শ্বচরিত্র ও খলনায়কের ভূমিকায় অভিনয় করলেও ধীরে ধীরে প্রধান অভিনেতা হিসেবে শক্ত অবস্থান গড়ে তোলেন দক্ষিণী ইন্ডাস্ট্রিতে।
পাঁচ দশকের বেশি সময়ের ক্যারিয়ারে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী ও জনপ্রিয় তারকায় পরিণত হয়েছেন রজনীকান্ত। ভক্তদের কাছে ‘থালাইভা’ নামে পরিচিতি পাওয়া এই তারকা অভিনয় করেছেন তামিল, তেলেগু, কন্নড়, হিন্দি ও ইংরেজি ভাষার সিনেমায়।
রজনীকান্ত অভিনীত প্রথম সিনেমা অর্জন করেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এ ছাড়া দাদা সাহেব ফালকে, পদ্মভূষণসহ বেশ কয়েকটি পুরস্কার রয়েছে তার ঝুলিতে। অভিনয়ের পাশাপাশি রজনীকান্তের নিজস্ব স্টাইল, সংলাপ বলার ধরনও দাগ কেটেছে সিনেপ্রেমীদের মনে।
বর্তমানে ‘ধরমন’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন রজনীকান্ত। এটি তার ক্যারিয়ারের ১৭৩তম সিনেমা। ছবিটি নির্মাণ করছেন অশ্বথ মারিমুথুর। ‘শিবাজি: দ্য বস’, ‘জেলার’, ‘চন্দ্রমুখী’, ‘বাশা’সহ বহু হিট সিনেমা উপহার দিয়েছেন দক্ষিণী বক্স অফিসে।


