logo

কথা বলতে পারছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নির্মাতা অমি

কথা বলতে পারছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নির্মাতা অমি
নির্মাতা কাজল আরেফিন অমি। ছবি: সংগৃহীত

সময়ের জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি। সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি। শারীরিক জটিলতার কারণে একটা সময় তিনি একেবারেই কথা বলতে পারছিলেন না। তবে স্বস্তির খবর হলো, এখন তিনি আগের তুলনায় অনেকটাই সুস্থ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে নির্মাতা নিজেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের তার বর্তমান শারীরিক অবস্থার আপডেট জানিয়েছেন।

ফেসবুক পোস্টের শুরুতেই মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করে অমি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, এখন আমি কথা বলতে পারছি, তবে খুব জোরে নয়। শারীরিক অবস্থার পুরোপুরি উন্নতি হচ্ছে কি না, তা নিশ্চিত হতে আরও প্রায় এক মাস সময় লাগবে। আপাতত চিকিৎসকের পরামর্শ মেনে কম কথা বলে আমি আবার আমার নিয়মিত কাজ শুরু করতে পারব।’

এরপর উচ্ছ্বাস প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘‘আমি আবার ‘অ্যাকশন’ বলতে পারছি! সবাইকে অনেক ধন্যবাদ, আপনাদের দোয়ার জন্য আমি চিরকৃতজ্ঞ।’’

এর আগে গত ১৪ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অমি জানিয়েছিলেন, তিনি তখনও কথা বলার সক্ষমতা ফিরে পাননি; তবে পুরোপুরি সুস্থ হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অসুস্থতার ওই কঠিন দিনগুলোতে তার সবচেয়ে বড় কষ্ট ছিল নিজের একমাত্র সন্তানের সঙ্গে কথা বলতে না পারা। অবশেষে সেই সংকট কেটে যাওয়ায় স্বস্তি ফিরেছে এই নির্মাতার পরিবার ও ভক্তদের মাঝে।