বিয়ের প্রলোভনে টাকা আত্মসাৎ মামলায় গায়ক নোবেলের জামিন

বিয়ের প্রলোভন দেখিয়ে ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় সমালোচিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
গত রোববার (২ মার্চ) দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত আসামির পাঁচ হাজার টাকার মুচলেকায় জামিনের আদেশ দেন।
আসামি পক্ষের আইনজীবী মো. ইমরান হোসেন সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিনের তথ্যটি নিশ্চিত করেন।
গত ২৩ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে ডেমরা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। ওইদিন আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার সিএমএম আদালত।
মামলার অভিযোগে বলা হয়, আনাননিয়া শবনম রোজ নামের এক নারীর সঙ্গে আসামি নোবেল প্রেমের সম্পর্ক তৈরি করে এবং বিয়ের প্রলোভন দেখান। এই সম্পর্কের সুযোগ নিয়ে ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে নোবেল তার কাছ থেকে মোট ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা নেন। পরে সেই টাকা ফেরত না দিয়ে আত্মসাৎ করেন।
২০২৫ সালের ১৩ আগস্ট আদালতে মামলাটি দায়ের করা হলে বিচারক পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে গত ৭ জানুয়ারি পিবিআইর উপপরিদর্শক নুরুজ্জামান আদালতে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে বাদীর অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে বলে উল্লেখ করা হয়েছে।
এর আগে, নোবেল ‘ধর্ষণ ও মারধর’ অভিযোগে ডেমরা থানার একটি মামলায় ২০২৫ সালের ১৯ মে গ্রেপ্তার হয়েছিলেন। পরে ওই মামলার বাদীকে কারাগারে বিয়ে করার পাঁচ দিন পর, ২৪ জুন তিনি জামিন পান।