logo

‘শোবিজকে ঝলমলে মনে হলেও সবচেয়ে জরাজীর্ণ অবকাঠামো এখানেই’

‘শোবিজকে ঝলমলে মনে হলেও সবচেয়ে জরাজীর্ণ অবকাঠামো এখানেই’

কণ্ঠের জাদু দিয়ে লাখো ভক্তের হৃদয় জয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। তবে শৈশবে তার স্বপ্ন ছিল বড় মানের ক্রিকেটার হওয়ার; কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠে না। বর্তমানে তিনি বাংলা গানের যুবরাজ হিসেবে পরিচিত পেয়েছেন।

গানের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব আসিফ আকবর। প্রায় সময়েই বিভিন্ন ইস্যুতে নিজের মতামত প্রকাশ করেন তিনি। সেই ধারাবাহিকতায় শনিবার (৩১ জানুয়ারি) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে লিখেছেন, শোবিজকে বাইরে থেকে ঝলমলে মনে হলেও সবচেয়ে জরাজীর্ণ অবকাঠামো এখানেই।

তিনি লিখেছেন, ’৯৭ সালের অক্টোবরে সপরিবারে ঢাকায় আসা গায়ক হওয়ার স্বপ্ন চোখে নিয়ে। ’৯৯ সালে ঢাকায় জন্ম নেয় দ্বিতীয় সন্তান। অনার্স-মাস্টার্স কমপ্লিট করেও চাকরিতে যাচ্ছি না। বাংলাদেশের সবচেয়ে অনিরাপদ এবং অনিশ্চিত পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করার সংগ্রামও একদিন শেষ হলো। ও প্রিয়া তুমি কোথায় বদলে দিল আমাকে, কেটে গেল একটা জীবন। শোবিজকে বাইরে থেকে ঝলমলে মনে হলেও সবচেয়ে জরাজীর্ণ অবকাঠামো এখানেই। কোনো পর্যায়ে নেই সামাজিক নিরাপত্তা। তারকা আসে তারকা যায়, পরিবর্তন আসে না সিস্টেমে। এটার মূল কারণ শিল্পীদের বৈচিত্র‍্যপূর্ণ আত্মকেন্দ্রিক মানসিকতা, এখানে কেউ কারও নয়। 

আসিফ আকবর আরও লেখেন, বাংলাদেশ বাংলা গানে সমৃদ্ধ কোনো পৃষ্ঠপোষকতা ছাড়াই। এখানে গান লেখা, গাওয়া, সুর, সংগীত সবই হবে, শুধু কখনো আসবে না সম্পৃক্তদের সামাজিক নিরাপত্তা। সবসময় একটা অভিশপ্ত বলয়ে আটকে থাকবে শিল্পচর্চা। ও প্রিয়া তুমি কোথায় অ‍্যালবামের গানগুলো পঁচিশ বছর পেরিয়ে এখনো সগৌরবে বেজে যাচ্ছে মানুষের মনে, এটাই প্রশান্তি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।  ভালোবাসা অবিরাম।