logo
Advertisement

শিল্পী হয়ে মানুষকে দল দিয়ে বিচার করছি: মৌসুমী হামিদ

এশিয়া পোস্ট বিনোদন
এশিয়া পোস্ট বিনোদন
শিল্পী হয়ে মানুষকে দল দিয়ে বিচার করছি: মৌসুমী হামিদ
মৌসুমী হামিদ। ছবি: সামাজিক মাধ্যম থেকে

ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসরে যোগ দিতে গিয়ে অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার পরিবারের সদস্যদের হেনস্তার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। একই সঙ্গে কোনো শিল্পীর ওপর হামলাকে রাজনৈতিক পরিচয় বা অবস্থান দিয়ে বিচার না করার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে এ নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন মৌসুমী। সেখানে তিনি লেখেন, এ দেশে শিল্পী হওয়াটাও যেন পাপ। কারণ শিল্পীরাই সবচেয়ে বড় রাজনৈতিক ব্যক্তি হিসেবে কথা বলছেন। তবে কোনো শিল্পীর ওপর হামলাই কাম্য নয়—সেটি ৩২ নম্বরে হোক কিংবা ভেনিসে।

মৌসুমী হামিদ লিখেছেন, ‘জীবনে কোনদিন কোন রাজনৈতিক দল করি নাই কিন্তু দেশের ভাল মন্দ পরিস্থিতি নিয়ে সবসময় কথা বলে গেছি।’

তার ভাষ্য, শিল্পীদের ওপর হামলার ঘটনায় দলীয় অবস্থান দিয়ে বিচার না করে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলা উচিত।

বাঁধনের ওপর হামলার ঘটনায় যারা সমর্থন করছেন কিংবা ঘটনাটিকে অন্য একটি ঘটনার সঙ্গে তুলনা করছেন, তাদের উদ্দেশ করে অভিনেত্রী প্রশ্ন তোলেন—৩২ নম্বরে হামলার সময় যারা কথা বলেননি, তারা এখন বাঁধনের জন্য কান্নাকাটি করার কারণ নিয়ে প্রশ্ন তুলছেন কেন?

মৌসুমীর বক্তব্য, কোনো একটি ঘটনায় কারও পোশাক টেনে ছিঁড়ে ফেলার ঘটনাকে যদি অন্য একজনের ক্ষেত্রেও একই আচরণ করার ‘অধিকার’ হিসেবে দেখা হয়, তাহলে এমন মানসিকতা নিয়ে কেউ মানুষের নেতা হতে পারেন না।

তিনি আরও লেখেন, ‘আপনেরা যদি মনে করেন ৩২ নম্বরে এক জনের কাপড় টেনে ছেড়া হইছে দেখে এখন আর এক জনের কাপড় টেনে ছেড়ার অধিকার আপনারা যে রাজনৈতিক দল সমর্থন করেন তাদের আছে। তাইলে আপনারা কিসের নেতা হইবেন সেইটা বুঝা যাইতেছে।’

দেশের রাজনৈতিক ইতিহাসের কয়েকজন নেতার উদাহরণ টেনে মৌসুমী বলেন, মানুষের নেতা হওয়ার লড়াই হওয়া উচিত মানুষের জন্য, কারও পোশাক ছেঁড়ার রাজনীতি শেখার জন্য নয়। তার ভাষায়, ‘যেমন নেতা ছিলেন বঙ্গবন্ধু যেমন নেতা ছিলেন জিয়াউর রহমান বা মওলানা ভাসানী।’

শিল্পীদের ভূমিকা নিয়েও আক্ষেপ প্রকাশ করেন অভিনেত্রী। তিনি মনে করেন, শিল্পী হিসেবে মানুষের মনুষ্যত্ব দিয়ে বিচার করার পরিবর্তে এখন মানুষকে শুধু রাজনৈতিক দল দিয়ে বিচার করার প্রবণতা তৈরি হয়েছে।

পোস্টের শেষদিকে মৌসুমী হামিদ লেখেন, ‘শিল্পী হয়ে মানুষ কে তার মনুষ্যত্ব দিয়ে বিচার করা ভুলে আমরা শুধু মাত্র দল দিয়ে বিচার করা শিখতেছি। বাহ।’

ভেনিস চলচ্চিত্র উৎসরে অংশ নিতে গিয়ে বাঁধনের সঙ্গে ঘটে যাওয়া হেনস্তার ঘটনায় এরই মধ্যে দেশের শোবিজ অঙ্গনের একাধিক তারকা প্রতিবাদ জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনাটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।