logo

লেবাননে হামলায় বাকরুদ্ধ অভিনেত্রী লিসা রে

লেবাননে হামলায় বাকরুদ্ধ অভিনেত্রী লিসা রে

কানাডিয়ান-ভারতীয় অভিনেত্রী ও প্রখ্যাত মডেল লিসা রে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় শোকস্তব্ধ। কানাডিয়ান হলেও লেবাননের সঙ্গে রয়েছে তার গভীর বন্ধন। স্বামী জেসন দেহনি লেবানিজ বংশোদ্ভূত, বৈরুতে তার জন্ম। সে কারণে লেবাননের সঙ্গে রয়েছে তার নিবিড় সম্পর্ক।

লিসা রে প্রায়ই লেবাননকে নিজের দ্বিতীয় বাড়ি হিসেবে উল্লেখ করেন এবং বৈরুতের সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্বের প্রতি শ্রদ্ধা জানান। সেই লেবাননের বিভিন্ন স্থানে সাম্প্রতিক হামলায় বাকরুদ্ধ তিনি। বৈরুতের পরিস্থিতি নিয়ে ক্যানসার জয়ী অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় নিজের বেদনা শেয়ার করেছেন এবং শান্তি কামনা করেছেন।

সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে লেবাননে বর্বরোচিত হামলায় নিজেকে সামলাতে না পেরে লিখেছেন, ‘লেবানন, বৈরুত আমার স্বামীর জন্মভূমি। আমার দত্তক দ্বিতীয় বাড়ি। আমি ভাষা হারিয়ে ফেলেছি।’

মধ্যপ্রাচ্য সংকট দিন দিন বেড়েই চলছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি হলেও ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। গত কয়েক দিনে এসব হামলায় প্রাণহানির পাশাপাশি বৈরুতসহ বিভিন্ন এলাকা যেভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই ধ্বংসযজ্ঞ লিসার মন ভেঙে দিয়েছে। সূত্র: হলিউড রিপোর্টার

আবেগঘন পোস্টে লিসা লেখেন, লেবাননের এই অবস্থা দেখে তিনি বাকরুদ্ধ। যে দেশ তাকে ভালোবাসা দিয়েছে, সুন্দর স্মৃতি উপহার দিয়েছে, আজ সেখানকার মানুষ এবং সংস্কৃতিকে বিপন্ন হতে দেখে নিজেকে স্থির রাখতে পারছেন না। লেবাননের সাধারণ মানুষের নিরাপত্তা এবং শান্তি কামনায় প্রার্থনাও জানিয়েছেন বলিউডে কাজ করা এই কানাডিয়ান অভিনেত্রী।

১৯৯০ সালে মডেলিং দিয়ে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেন লিসা। এরপর বলিউডসহ বেশ কিছু দক্ষিণী সিনেমায় কাজ করেন। ২০০১ সালে হিন্দি চলচ্চিত্র ‘কসুর’-এ প্রধান চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এই কানাডিয়ান সুন্দরী।