আমার নতুন স্বপ্ন হলো তোমার সঙ্গে বুড়ো হওয়া: শবনম ফারিয়া

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া, টেলিভিশন বিজ্ঞাপন দিয়ে মিডিয়া জগতে পা রাখা এই তারকা ২০১৩ সালে ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। এরপর থেকে একের পর এক জনপ্রিয় নাটক ও টেলিফিল্মে অভিনয় করে জয় করেছেন দর্শক হৃদয়।
গেল বছর জীবনের নতুন অধ্যায় শুরু করেন শবনম ফারিয়া। তানজিম তৈয়বের সঙ্গে ঘর বাঁধেন এই অভিনেত্রী। এখনো তাদের বিয়ের এক বছর পূর্ণ হয়নি। তবে এ যুগলের প্রথম সাক্ষাতের বর্ষপূর্তি শুক্রবার (৬ মার্চ) ।
এ উপলক্ষে শুক্রবার (৬ মার্চ) ফারিয়া তার সোশ্যাল মিডিয়ায় আবেগঘন একটি পোস্ট দিয়েছেন। তাতে এ অভিনেত্রী বলেন, ঠিক এক বছর আগে আজকের এই দিনে মানুষটির সঙ্গে দেখা করেছিলাম। তারপর আমার জীবন পুরোপুরি বদলে গেছে।
দাম্পত্য সঙ্গী ফারিয়ার জীবনে নতুন স্বপ্ন এনে দিয়েছে তা উল্লেখ করে তিনি বলেন, এখন আমার নতুন স্বপ্ন হলো—তোমার সঙ্গে বুড়ো হওয়া। এই নিষ্ঠুর পৃথিবীতে বেঁচে থাকার মতো একটা স্বপ্ন দেওয়ার জন্য মহান আল্লাহকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ।
বরের উদ্দেশে শবনম ফারিয়া বলেন, আমি খুবই আনন্দিত, তোমার সঙ্গে দেখা হয়েছিল, না হলে আমার এত গুছানো বাসাটাকে অগোছালো করার সাহসই বা কে করত?
এটি শবনম ফারিয়ার দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১৮ সালে তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে। সে সময় অপু একটি বেসরকারি বিপণন প্রতিষ্ঠানে জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে এ সংসার ভেঙে যায়।