logo

একুশে পদক নিয়ে রিকশায় ফিরল ওয়ারফেজ

একুশে পদক নিয়ে রিকশায় ফিরল ওয়ারফেজ

বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ৯ বিশিষ্ট ব্যক্তি ও জনপ্রিয় মিউজিক ব্যান্ড ওয়ারফেজকে ‘একুশে পদক-২০২৬’ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক এই সম্মাননা তুলে দেন।

সকাল ১০টা ৫৩ মিনিটে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছেন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানটি জাতীয় সংগীত পরিবেশন ও ধর্মীয় গ্রন্থ পাঠের মধ্য দিয়ে শুরু হয়।

এবার বিভিন্ন ক্ষেত্রে যারা একুশে পদক পেয়েছেন তারা হলেন—অভিনয়ে: ফরিদা আক্তার ববিতা, চারুকলায়: অধ্যাপক মো. আব্দুস সাত্তার, স্থাপত্যে: মেরিনা তাবাসসুম, সংগীতে: আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নৃত্যে: অর্থি আহমেদ, পালা গানে: ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায়: শফিক রেহমান, শিক্ষায়: প্রফেসর ড. মাহবুবুল আলম মজুমদার ও ভাস্কর্যে: তেজস হালদার জস।
এ ছাড়া ব্যান্ড হিসেবে একুশে পদক অর্জন করেছে ওয়ারফেজ।

ঢাকার রাস্তায় ওয়ারফেইজ

এদিন একুশে পদক নিয়ে রিকশায় ফিরে যায় ব্যান্ড ওয়ারফেজ। যার কয়েকটি ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করে ইব্রাহিম আহমেদ কমল। এরপর ক্যাপশনে তিনি লেখেন, ‘আমরা একুশে পদক গ্রহণ করে রিকশায় করে ফিরে এসেছি।’

ওয়ারফেইজের সদস্যরা

মরণোত্তর পদকপ্রাপ্ত আইয়ুব বাচ্চুর পক্ষে তার স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা এবং ওয়ারফেজ ব্যান্ডের পক্ষে দলনেতা শেখ মুনিরুল আলম টিপু প্রধানমন্ত্রীর হাত থেকে পদক গ্রহণ করেন।