পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাণাবালী’। চলতি বছরের সেপ্টেম্বরে মুক্তির কথা ছিল ছবিটির। এবার জানা গেল, ‘রাণাবালী’র মুক্তি পিছিয়েছে। আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহের পর্দায় আসবে এটি।
বৃহস্পতিবার সামজিকমাধ্যমে সিনেমার একটি নতুন পোস্টার শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন বিজয় নিজেই। পোস্টারে ঊনিশ শতকের আবহ অনুযায়ী গোঁফওয়ালা ও রুক্ষ লুকে বিজয়কে দেখা যায় বিজয়কে।
১৮৫৪ থেকে ১৮৭৮ সালের ব্রিটিশ শাসিত দক্ষিণ ভারতের ঐতিহাসিক প্রেক্ষাপটে সাজানো হয়েছে সিনেমার গল্প। স্থানীয় জনগোষ্ঠীর ওপর ব্রিটিশদের অর্থনৈতিক নীতি ও খরার প্রভাব ফুটিয়ে তোলা হয়েছে রাহুল সাংকৃত্যয়ন পরিচালিত এই ছবিতে।
‘রাণাবালী’-তে বিজয়ের চরিত্রের স্ত্রীর চরিত্রে দেখা যাবে রাশমিকাকে। এ ছাড়া খলনায়কের চরিত্রে রয়েছেন হলিউড অভিনেতা আর্নল্ড ভসলো। দুর্গাপূজা উপলক্ষে সিনেমাটি বিশ্বজুড়ে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।
‘রাণাবলী’ বিজয়-রাশমিকার তৃতীয় সিনেমা। এর আগে ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ সিনেমায় জুটি বেঁধেছিলেন এই তারকা দম্পতি। এখন এটাই দেখার পালা মুক্তির পর বক্স অফিসে কতটা ঝড় তোলে এই সিনেমা।
সূত্র: ইন্ডিয়া টুডে


