logo

তানজিন তিশা ও সামিয়া অথৈ’র সদস্যপদ স্থগিত, যা বললেন তিশা

তানজিন তিশা ও সামিয়া অথৈ’র সদস্যপদ স্থগিত, যা বললেন তিশা
তানজিন তিশা। ছবি: সামাজিক যোগাযোগ মাধ্যম

নাটকের শুটিং সেটে বিরোধ, মারধরের অভিযোগ এবং পাল্টাপাল্টি বক্তব্যের জেরে অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈয়ের সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ, বাংলাদেশ। দুই অভিনেত্রীর বিরোধ মীমাংসায় একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

গত রোববার (৪ অক্টোবর) তানজিন তিশা ও সামিয়া অথৈকে পৃথক চিঠি দিয়ে সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত জানায় সংগঠনটি।

চিঠিতে বলা হয়, গত ৭ জুলাই সদস্যপদ স্থগিতের বিষয়ে দুজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে দুজনের কেউই সেই নোটিশের জবাব দেননি। পরে কমিটির সুপারিশের ভিত্তিতে সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সভায় তাদের সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। গত শুক্রবার (৬ নভেম্বর) রাতে বিষয়টি প্রকাশ্যে আসে।

এ সিদ্ধান্ত সামনে আসার পর ফেসবুক লাইভে এসে নিজের অবস্থান তুলে ধরেন তিশা। প্রায় ২৫ মিনিটের ওই লাইভে শুটিং সেটে সামিয়া অথৈ’র সঙ্গে বিরোধ, অভিনয়শিল্পী সংঘের সালিশ বৈঠক এবং সদস্যপদ স্থগিতের কারণসহ গত আট মাসের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন তিনি।

তিশার দাবি, পেশাগত বিরোধ মীমাংসার পরিবর্তে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে কাউকে হেয় করা কিংবা তার ক্যারিয়ারের ক্ষতি করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।

এ প্রসঙ্গে তিনি বলেন, কাজ করতে গিয়ে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ হতে পারে। তবে সেসব বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমে বা গণমাধ্যমে প্রকাশ করে কারও পেশাগত ক্ষতি করা উচিত নয়। গত এক বছরে তাকে ঘিরে তৈরি হওয়া বিভিন্ন বিতর্কের প্রসঙ্গ টেনে তিশা বলেন, ‘শাড়িকাণ্ডসহ অনেক কিছু দেখলাম। আজ হোক বা কাল, সবকিছু সবার সামনে আসবে। আমি শুধু সেই দিনের অপেক্ষায় আছি।’

সদস্যপদ স্থগিতের ঘটনা ব্যাখ্যা করতে গিয়ে গত মার্চে পুতুলের বিয়ে নাটকের শুটিং সেটে অথৈ’র সঙ্গে বিরোধের প্রসঙ্গও তোলেন তিনি। তার দাবি, ওই দিন শুটিং সেটে কী ঘটেছিল, তা উপস্থিত সবাই দেখেছেন। নাটকে নিজের অভিনীত চরিত্রের দৃশ্যের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘দৃশ্যটি দেখলেই বোঝা যাবে কে আসলে ইম্প্রোভাইজ করেছে। নির্যাতনের যে দাবি করা হয়েছে, সেটাও আপনারা বুঝতে পারবেন’।

তিশা জানান, ঘটনার পর অভিনয়শিল্পী সংঘের উদ্যোগে দুই পক্ষের বক্তব্য শুনতে প্রায় পাঁচ ঘণ্টা ধরে সালিশ বৈঠক হয়। সেখানে সংগঠনের জ্যেষ্ঠ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বৈঠকে কী আলোচনা ও সিদ্ধান্ত হয়েছিল, সে বিষয়ে লিখিত নোটিশও তার কাছে রয়েছে বলে জানান এই অভিনেত্রী।

সালিশের সিদ্ধান্তের বিষয়ে তিশা বলেন, দুই পক্ষকে ক্ষমা চেয়ে বিবৃতি দেওয়ার পাশাপাশি একটি ভিডিও বার্তা পাঠাতে বলা হয়েছিল। তবে অথৈ ভিডিও বার্তা দেননি। তিনিও বিশেষ কারণে তা পাঠাতে পারেননি। সদস্যপদ স্থগিতের বিষয়ে তিনি বলেন, ‘আমি নোটিশ অমান্য করেছি বলে আজ আমাকে সদস্যপদ স্থগিতের চিঠি পাঠানো হয়েছে। ঠিক আছে।’