logo
Advertisement

বাঁধনকে হেনস্তা ও দেশের অস্থিরতা নিয়ে মম’র ক্ষোভ

এশিয়া পোস্ট বিনোদন
এশিয়া পোস্ট বিনোদন
বাঁধনকে হেনস্তা ও দেশের অস্থিরতা নিয়ে মম’র ক্ষোভ
আজমেরী হক বাঁধন ও জাকিয়া বারী মম। ছবি: সামাজিক মাধ্যম থেকে

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তার ঘটনায় প্রতিবাদ ও নিন্দার ঝড় বইছে দেশের শোবিজ অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে। এ ঘটনার মধ্যেই দেশের সার্বিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বাঁধনকে হেনস্তার একটি ভিডিও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন মম। ভিডিওটি নিয়ে ঘৃণা প্রকাশের পাশাপাশি পরবর্তী এক পোস্টে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগ ও অসন্তোষের কথা তুলে ধরেন তিনি।

মম লেখেন, ‘শুধু ভেনিস ইস্যু না, কিচ্ছু ঠিক হচ্ছে না! এই কর্মকাণ্ডগুলোর কোনোটাই ভালো হচ্ছে না!’ এরপর দেশের বিভিন্ন সমস্যা ও সাম্প্রতিক নানা ঘটনার প্রসঙ্গ টেনে তিনি লিখেছেন, ‘মাদ্রাসায় যৌন হয়রানি, ভিন্ন মত ও ধর্মের মানুষের ওপর নির্যাতন, যেকোনো দলের অন্ধত্ব, খুন, সন্ত্রাস, রাহাজানি, শিশু নিখোঁজ, ধর্ষণ, শিক্ষিত বেকার সমস্যা, সর্বস্তরে নারীর প্রতি অসম্মান, নিজের মতের বাইরে গেলেই “খারাপ”, মাজার উচ্ছেদ, মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান, দেশের ঐতিহাসিক এবং ধর্মীয় মুরাল ভেঙে ফেলা, সিনেমা প্রদর্শনী বন্ধের দাবি, নাচ-গান-শিল্প-সাহিত্য-নৌকাবাইচ নিষেধ, প্রেম-ভালোবাসা বন্ধে আইনি নোটিশ, ধর্মের নামে রাজনীতি, সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে এনসিপির জামায়াতের সঙ্গে যোগদান, ভূতুড়ে বিদ্যুৎ বিল, গ্যাসের অভাবে রান্না বন্ধ, রাস্তায় টেসলার অত্যাচার, অনিরাপদ নাগরিক জীবন।’

Momo BAdhon 2

এ ধরনের আরও নানা ঘটনার উল্লেখ করে মম বলেন, এসবের কোনোটিই দেশ ও মানুষের জন্য ভালো নয়। তার ভাষায়, ‘আরও এমন যত সব অযাচিত ঘটনা; যার কোনোটাই দেশ এবং আমাদের জন্য ভালো হচ্ছে না।’

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করে অভিনেত্রী আরও লেখেন, ‘আমরা সাধারণ মানুষ প্রতারিত হয়েছি এবং হচ্ছি, আর এই অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন।’

পোস্টের শেষাংশে নিজের রাজনৈতিক অবস্থানও স্পষ্ট করেন মম। তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার সম্পৃক্ততা নেই। তার ভাষায়, ‘আমি কোনো রাজনৈতিক দল করি না, আমার একটাই দল বাংলাদেশ। এ দেশটা সুস্থ থাকুক সেটাই চাই।’

বাঁধনকে ভেনিসে হেনস্তার ঘটনাকে কেন্দ্র করে যখন দেশের শিল্পী ও সংস্কৃতিকর্মীরা প্রতিবাদ জানাচ্ছেন, তখন মমর এই পোস্টে শুধু ওই ঘটনার নিন্দাই নয়, বরং দেশের সামগ্রিক সামাজিক ও নাগরিক পরিস্থিতি নিয়েও তার উদ্বেগের বিষয়টি উঠে এসেছে।