রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথমবার আমন্ত্রণ পেল বাংলাদেশ

সৌদি আরবের মর্যাদাপূর্ণ রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবারই প্রথমবারের মতো প্রাতিষ্ঠানিকভাবে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। এ উপলক্ষে জেদ্দায় প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিনিধি ও সৌদি সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা নওশীন আহমেদ।
বাংলাদেশের এই ঐতিহাসিক অংশগ্রহণকে সামনে রেখে জেদ্দার কাসা ডাইওরা হোটেলে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিনিধি ও সৌদি সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা নওশীন আহমেদ।
এ সময় সভায় তিনি বলেন, গত ছয় বছর ধরে আয়োজিত রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবারই প্রথমবারের মতো বাংলাদেশ আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা, শিল্পী ও প্রযোজকেরা আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের সৃজনশীলতা ও সংস্কৃতি তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ পাবেন।
নওশীন আহমেদ আরও জানান, বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী শিল্পী ও কলাকুশলীদের জন্য বিশেষ ভিসা সহায়তার ব্যবস্থা থাকবে। পাশাপাশি আগামী ৬ থেকে ১১ ডিসেম্বর প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে।
সংশ্লিষ্টদের মতে, রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রথম প্রাতিষ্ঠানিক অংশগ্রহণ বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।
রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সৌদি আরব (ওয়েস্টার্ন রিজিয়ন)-এর প্রধান উপদেষ্টা এম. ওয়াই. আলাউদ্দিনের উপস্থিতিতে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ।
এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক হানিছ সরকার উজ্জ্বল, উপদেষ্টা বাহার উদ্দিন বকুল, মাসুদ সেলিম, সাজিদুল ইসলাম, রফিকুল হক চৌধুরী, এ. আর. নোমান, সাইফুল ইসলাম, করিম সরকার, এবি এস রাব্বিসহ সৌদি আরবে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের বাংলাদেশি সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
.png)






