Advertisement

কান ধরে উঠবস করে ক্ষমা চাইলেন অভিনেত্রী সোনাক্ষী

এশিয়া পোস্ট ডেস্ক
কান ধরে উঠবস করে ক্ষমা চাইলেন অভিনেত্রী সোনাক্ষী
ছবি: সংগৃহীত

ভারতজুড়ে চলমান ছাত্র আন্দোলনের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সেখানে তিনি তরুণ প্রজন্মকে অভিবাদন জানানোর পাশাপাশি তাদের হালকাভাবে নেওয়ার জন্য অনুশোচনা প্রকাশ করে কান ধরে উঠবস করে ক্ষমা চেয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে জানা গেছে, শিক্ষার্থীদের দাবির মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে বেশ উল্লসিত দেখা যায়।

ভিডিওতে আবেগাপ্লুত হয়ে সোনাক্ষী বলেন, ‘ভাই, তোমরা আজ কী কাণ্ড ঘটিয়েছ ধারণা নেই! আমি একজন শিল্পী, কিন্তু তোমরা (জেন -জি) আসল শিল্প তৈরি করেছ। সত্যি বলতে, আমি জেন জি-দের খুব হালকাভাবে নিয়েছিলাম। ভেবেছিলাম তোমরা ঝোঁকের মাথায় কিছু করো, দ্রুত ক্লান্ত হয়ে পড়ো এবং তোমাদের দিয়ে তেমন কিছু হবে না। কিন্তু তোমরা যা করে দেখিয়েছ তা অবিশ্বাস্য!’

নিজের আগের ধারণার জন্য অনুশোচনা প্রকাশ করে ক্যামেরার সামনে কান ধরে উঠবস করেন সোনাক্ষী। এরপর মাথার টুপি খুলে তরুণদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘তোমাদের স্যালুট! এখন আমি নিজেই জেন জি হতে চাই।’

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ও নানা অনিয়মের প্রতিবাদে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে শিক্ষার্থীদের টানা আন্দোলনের প্রতি শুরু থেকেই সোচ্চার ছিলেন সোনাক্ষী। জলবায়ু কর্মী সোনাম ওয়াংচুক-এর অনশন কর্মসূচির সমর্থন করা থেকে শুরু করে দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছিলেন তিনি। তাই শিক্ষামন্ত্রীর পদত্যাগকে জেন-জি শিক্ষার্থীদের এক ঐতিহাসিক জয় হিসেবে অভিহিত করে তাদের পাশে দাঁড়িয়েছেন এই বলিউড তারকা।

সোনাক্ষীর এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। সোনাক্ষী সিনহা ছাড়া অন্যান্য বলিউড তারকাদের মধ্যেও শাবানা আজমি, প্রিয়াঙ্কা চোপড়া, বিজয় বর্মা, টুইঙ্কেল খান্না, দিয়া মির্জা, বীর দাস ও ঈশান খট্টরের মতো ব্যক্তিত্বরা শিক্ষার্থীদের এই অভূতপূর্ব সাফল্যে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন।