‘এ দেশে মানুষের চেয়ে অমানুষ বেশি’

বাগেরহাটের ঐতিহ্যবাহী খানজাহান আলী (র.) মাজার এলাকার দিঘিতে ঘটে যাওয়া এক হৃদয়বিদারক ঘটনা দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। দিঘির পানিতে থাকা একটি কুমির আচমকা পানির ওপর উঠে এসে একটি কুকুরকে মুখে তুলে নিয়ে গভীর জলে তলিয়ে যায়। অসহায় প্রাণীর এমন মর্মান্তিক মৃত্যু সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ক্ষোভ, দুঃখ আর মানবিক বোধের নানা প্রতিক্রিয়া দেখা যায়। অবলা প্রাণীর এমন করুণ পরিণতি ছুঁয়ে গেছে শোবিজ তারকাদের।
এ ঘটনায় সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনিও এই ঘটনার একটি পোস্ট শেয়ার করে নিজের টাইমলাইনে ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন। সেই পোস্টে তিনি লেখেন, একজনের কনটেন্ট বানানো আর মজা করার জন্য যে তাকে নির্মমভাবে অনর্থক মরতে হবে, এটা সে বোঝেনি। বোকা কুকুর!
অভিনেতা ইরফান সাজ্জাদ লিখেছেন, ঘটনাটা এতক্ষণে হয়তো আপনারা সবাই জানেন। আসলে এ দেশে মানুষের চেয়ে অমানুষের সংখ্যা বেশি। সভ্যদের চাইতে অসভ্যর সংখ্যা বেশি। দেশ খারাপ না ভাই, দেশের মানুষগুলো খুব খারাপ! তাই দেশটা আগায় না।
পাশাপাশি সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও যোগ করেন, মাননীয় সরকার, দেশের মানুষগুলো ঠিক করেন, দেশ অটো ঠিক হয়ে যাবে।
অভিনেত্রী দীপা খন্দকার মন্তব্য করেন, ভয়ানক।
অভিনেত্রী জাকিয়া বারী মম লিখেছেন, লজ্জাহীন বিবেকহীন প্রতারক প্রাণীকুলে একমাত্র মানুষই হতে পারে! কুকুরের বিশ্বাস ও মানুষ ভেঙে ফেলেছে! তবে এর উল্টো ও আছে। সঠিক মানুষকে সম্মান না করার জন্য চারপাশে আবর্জনা বাড়ছে। মানবিকগুণের মানুষকে ভুল না বুঝে ভালোবাসতে শিখুন, আর পশুরূপীদের জন্য একরাশ ঘৃণা।
এ ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিনেতা নিলয় আলমগীর। আর নির্মাতা অং রাখাইন হতাশা প্রকাশ করে প্রশ্ন তোলেন, এই জাতি আগামী ১০০ বছর টিকে থাকতে পারবে কি না।
এ ঘটনা নিয়ে মাজারের খাদেম, নিরাপত্তাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমে দাবি করেন, ঘটনাটি গত বুধবার (৮ এপ্রিল) বিকেলের। দিঘির পাড়ে একটি অসুস্থ কুকুর শিশুসহ কয়েকজনকে কামড়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে কয়েকজন কুকুরটিকে তাড়া করলে সেটি ঘাটের দিকে যায়। সেখানে মাজারের ফোরকান নামের এক নিরাপত্তারক্ষীকে আঁচড় দেওয়ার পর তিনি পা ঝাড়া দিলে কুকুরটি পানিতে পড়ে যায়। এরপর দিঘিতে থাকা কুমিরটি এসে কুকুরটিকে টেনে পানির নিচে নিয়ে যায়।