logo

‘অর্থহীন মরে নাই অদ্ভুতদের জয় হোক’

‘অর্থহীন মরে নাই অদ্ভুতদের জয় হোক’

বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড অর্থহীন-এর লাইনআপে আবারও বড় পরিবর্তন এসেছে। গতকাল একই দিনে ব্যান্ড ছাড়ার ঘোষণা দিয়েছেন ড্রামার ড্রামার মার্ক ডন ও তরুণ গিটারিস্ট এহতেশাম আলী। একই সঙ্গে তাদের জায়গায় তিন সদস্য যুক্ত হওয়ার খবর জানিয়েছে ব্যান্ডটি।

অর্থহীনের সঙ্গে মার্ক ডনের পথচলা ছিল এক দশকেরও বেশি সময়ের। বিদায়ের বার্তায় তিনি বলেন, ‘এই সময়ের মধ্যে তিনি ব্যান্ডটিকে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে দেখেছেন। দীর্ঘ বিরতি, আবার নতুন করে দল গড়ে তোলা—সবকিছুর মধ্যেই তিনি ব্যান্ডটির জন্য নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন। মার্ক ডনের আশা, ভবিষ্যতেও অর্থহীন শ্রোতাদের জন্য সেরা গান উপহার দিয়ে যাবে। কৃতজ্ঞতা ও গর্ব নিয়েই তিনি এই অধ্যায়ের ইতি টানছেন বলে জানান।’

অন্যদিকে, গিটারিস্ট এহতেশাম আলী মঈনের অর্থহীনে যাত্রা ছিল তুলনামূলকভাবে সংক্ষিপ্ত। মাত্র দেড় বছর আগে, গত বছরের জানুয়ারিতে তিনি ব্যান্ডটিতে যোগ দেন। বিদায়বার্তায় মঈন বলেন, সংগীতজীবনের পরবর্তী ধাপে যাওয়ার আগে তিনি অর্থহীনের প্রতি কৃতজ্ঞতা জানাতে চান। ভবিষ্যতে স্বাধীনভাবে সংগীতচর্চা চালিয়ে যাওয়ার ইচ্ছার কথাও জানান তিনি।

বিদায় নেওয়া দুই সদস্যের প্রতি শুভকামনা জানিয়েছে অর্থহীন। এক বিবৃতিতে ব্যান্ডটি জানায়, পরিবর্তনই ধ্রুব সত্য—বিশেষ করে এমন একটি ব্যান্ডের ক্ষেত্রে, যারা কয়েক দশক ধরে গান, সংগ্রাম ও সাফল্যের পথ পাড়ি দিয়েছে। মার্ক ডন ও এহতেশাম আলী মঈনকে ‘অসাধারণ মিউজিশিয়ান’ উল্লেখ করে ব্যান্ডটি জানায়, তাদের অবদান সব সময় অর্থহীনের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে।

একই সঙ্গে নতুন তিন সদস্য যুক্ত হওয়ার কথাও ঘোষণা করেছে ব্যান্ডটি। অর্থহীনের সাবেক সদস্য শিশির আহমেদ আবার দলে ফিরেছেন। প্রায় ২০ বছর ব্যান্ডটির সঙ্গে কাজ করার পর ২০২৩ সালে তিনি ব্যান্ড ছেড়েছিলেন। এবার গিটার ও কি-বোর্ডসে আবারও তাকে দেখা যাবে।

এ ছাড়া নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন  আদনান আতিক ও শেখ এম রিয়াজ। আতিক ব্যান্ডে কি-বোর্ডস ও গিটার বাজাবেন। আর মেকানিক্স ব্যান্ডের রিয়াজ অর্থহীনে গেস্ট ড্রামার হিসেবে যুক্ত হচ্ছেন।

এ প্রসঙ্গে অর্থহীনের প্রধান সুমন বলেন, ‘মুখগুলো বদলে গেলেও অর্থহীনের আত্মা আগের মতোই আছে। খুব শিগগিরই আমরা স্টুডিওতে ফিরব এবং মঞ্চে ফেরার প্রস্তুতি নেব—সেই চেনা বিশৃঙ্খলা আর মেলোডি নিয়ে, যা শ্রোতারা সব সময় ভালোবেসেছেন।’

তিনি আরও বলেন, ব্যান্ডের প্রতিটি উত্থান-পতনে পাশে থাকার জন্য শ্রোতা ও দর্শকদের প্রতি তারা কৃতজ্ঞ। তার ভাষায়, ‘সেরা সময়টা এখনো আসা বাকি। অর্থহীন মরে নাই। অদ্ভুতদের জয় হোক।’