logo

ব্রেকআপের পর ক্যারিয়ারের দিকে ফোকাসড হই: আলিশা ইসলাম

ব্রেকআপের পর ক্যারিয়ারের দিকে ফোকাসড হই: আলিশা ইসলাম

প্রতিভা, আত্মবিশ্বাস ও লক্ষ্যে স্থির থাকার মানসিকতার জন্যই ‘কসমো বাংলাদেশ ২০২৫’-এর মুকুট পরেছেন আলিশা ইসলাম।

আসছে ভালোবাসা দিবসকে কেন্দ্র করে অনেকেই নিজের মতো করে নানা পরিকল্পনা করছেন। সেই কাতারে আছেন মডেল ও অভিনেত্রী আলিশা ইসলাম।  

এশিয়া পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ভালোবাসা দিবসকে নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়ে আলিশা বলেন, ভালোবাসা মানে আমি ও আমার বিড়াল। আমার জন্য প্রতিদিনই ভালোবাসা দিবস। আমি সারাদিনই আমাকে ও আমার বিড়ালকে ভালোবাসি। 

ভালোবাসা দিবসের স্মৃতিচারণ করে এই মডেল বলেন, আমার বয়ফ্রেন্ড ছিল। কোনো এক ভালোবাসা দিবসে সে আমাকে অনেক সুন্দর একটি স্কেচ উপহার দিয়েছিল। ব্রেকআপের পর আমি ক্যারিয়ারের দিকে ফোকাসড হই। তখন থেকেই ভালোবাসা মানে আমার কাজ। 

 

দিনাজপুরের মেয়ে আলিশা ইসলাম দেশের ফ্যাশন অঙ্গনের নতুন মুখ। এরই মধ্যে মডেল, অভিনেত্রী, উপস্থাপক ও ডিজে হিসেবে তার সাফল্যের প্রমাণ দিয়েছেন। বাংলাদেশ ফ্যাশন উইক, আরকা ফ্যাশন উইক ও খাদি ফ্যাশন উইকের রানওয়ে আলোকিত করেছেন তিনি।

আন্তর্জাতিক মঞ্চেও আলিশা নাম করেছেন। তিনি প্রথম বাংলাদেশি মডেল হিসেবে প্যারিস ফ্যাশন উইকের রানওয়েতে আলো ছড়িয়েছেন। এ ছাড়া ‘এমআরনাইন’ চলচ্চিত্রে অভিষেক হয়ে বড় পর্দাতেও প্রশংসা কুড়িয়েছেন। একজন ডিজে হিসেবেও আলিশা নতুন সংজ্ঞা দিয়েছেন।

আলিশা ইসলাম অভিনীত প্রেম, বাস্তবতা আর করোনাকালের ফ্রন্টলাইনের যোদ্ধাদের জীবনগাথা নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘ভালোবাসার প্রজাপতি’। মুক্তি পাচ্ছে আগামী ঈদে। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন রাজু আলীম।