logo

রাশমিকা-বিজয়ের সম্পর্ক নিয়ে কটাক্ষের জবাব দিলেন তারকা দম্পতি

ইন্ডিয়ান এক্সপ্রেস
ইন্ডিয়ান এক্সপ্রেস
রাশমিকা-বিজয়ের সম্পর্ক নিয়ে কটাক্ষের জবাব দিলেন তারকা দম্পতি
রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। ছবি: ইনস্টাগ্রাম

দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার দাম্পত্য জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় আড্ডাভিত্তিক অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমে বিয়ের প্রস্তাব নিয়ে দুজনের কথোপকথন প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্কের সূত্রপাত। এবার সেই সমালোচনার জবাবে নিজেদের সম্পর্ক নিয়ে খোলামেলা অবস্থান জানিয়েছেন দুই তারকাই।

গত ২১ অক্টোবর প্রচারিত অনুষ্ঠানের পর রাশমিকা ও বিজয়ের সম্পর্ক নিয়ে নানা মন্তব্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিশেষ করে, বিয়েতে রাজি হওয়ার আগে রাশমিকাকে একশবার প্রস্তাব দেওয়ার কথা বলেছিলেন বিজয়- এমন মন্তব্য ঘিরে সমালোচনার মুখে পড়েন অভিনেতা। কেউ কেউ তার আচরণ নিয়েও প্রশ্ন তোলেন। তবে বিষয়টি নিয়ে এবার আর নীরব থাকেননি রাশমিকা।

নিজের বক্তব্যে অভিনেত্রী জানান, তাদের বিয়ের আলোচনা কখনোই প্রস্তাব দেওয়ার সংখ্যা কিংবা জাঁকজমকপূর্ণ কোনো আয়োজন নিয়ে ছিল না। বরং দুজনের একে অপরকে বোঝা, জীবনের ভালো-মন্দ পরিস্থিতিতে পাশে থাকা এবং একসঙ্গে ভবিষ্যৎ গড়ার সিদ্ধান্তই ছিল তাঁদের কাছে গুরুত্বপূর্ণ।

রাশমিকা আরও জানান, জীবনের কঠিন সময়গুলোতে বিজয় যেভাবে তার পাশে থেকেছেন, সেটিই তার কাছে সম্পর্কের সবচেয়ে বড় প্রমাণ। শারীরিক অসুস্থতা থেকে শুরু করে গভীর রাতে উদ্বেগের মুহূর্ত- বিভিন্ন পরিস্থিতিতে বিজয়ের সমর্থনের কথা তুলে ধরেন তিনি।

বিয়ের প্রস্তাব নিয়ে সমালোচনার জবাবে রাশমিকা বলেন, বিজয়কে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে তিনি খুশি। শুধু একশবার নয়, প্রয়োজন হলে হাজারবারও তাকে বিয়ের প্রস্তাব দিতে রাজি আছেন অভিনেত্রী। তার বক্তব্য, নিজেদের সম্পর্কের বাস্তবতা সম্পর্কে সবচেয়ে ভালো জানেন তারা দুজনই। তাই বাইরের মানুষের অনুমান দিয়ে সেই সম্পর্কের বিচার করা উচিত নয়।

অভিনেত্রী আরও ইঙ্গিত দেন, তাদের কথোপকথনের মূল বক্তব্য না বুঝেই অনেকে নেতিবাচক মন্তব্য করছেন। ভালোবাসা ও সম্পর্কের ধারণা সবার কাছে এক রকম না-ও হতে পারে। তবে অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে অযাচিত মন্তব্য না করে প্রত্যেকের নিজের মতো সুখী থাকার সুযোগ থাকা উচিত।

এদিকে স্ত্রীকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বক্তব্য প্রকাশ করেছেন বিজয় দেবেরাকোন্ডাও। রাশমিকাকে নিজের সবচেয়ে কাছের বন্ধু, স্ত্রী এবং জীবনের অন্যতম সুন্দর অংশ হিসেবে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলেও জানান অভিনেতা।

বিজয়ের ভাষ্য, তারা দুজনই নিজেদের দাম্পত্য জীবনে সুখী। পৃথিবীর সবাই তাদের বিপক্ষে অবস্থান নিলেও একে অপরের পাশে থাকার সিদ্ধান্ত থেকে সরে আসবেন না—এমন বার্তাই দিয়েছেন তিনি। ভালোবাসাকে উদ্‌যাপন করা এবং সহজ-সরলভাবে সুখে বেঁচে থাকার আনন্দকে গুরুত্ব দেওয়ার কথাও বলেছেন অভিনেতা।

তবে সমালোচকদের উদ্দেশে বিজয়ের বক্তব্যের শেষাংশ ছিল বেশ কড়া। নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে অযাচিত মন্তব্যকারীদের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বুঝিয়ে দিয়েছেন, অন্যের মতামতের চাপে নিজেদের সম্পর্ক নিয়ে সিদ্ধান্ত বদলানোর কোনো ইচ্ছা তাদের নেই।

রাশমিকা ও বিজয়ের বক্তব্য প্রকাশ্যে আসার পর তাদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে বিয়ের প্রস্তাব নিয়ে বিতর্কের বাইরে গিয়ে দুজনের বক্তব্যে উঠে এসেছে একটি বিষয়- নিজেদের সম্পর্কের বিষয়ে তারা আত্মবিশ্বাসী এবং একে অপরের পাশে থাকতে চান।