পশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার উসনা শাহ

পাকিস্তানি জনপ্রিয় টিভি অভিনেত্রী উসনা শাহ বিনোদন ভুবনে ‘পাকিস্তানি কঙ্গনা রানাউত’ হিসেবে পরিচিত। অভিনয় দক্ষতা আর গ্ল্যামার দিয়ে তিনি নিজেকে অন্যদের চেয়ে আলাদা করে রেখেছেন। উসনা শাহ বরাবরই স্পষ্টভাষী ও বাকপটু। তার অনেক কথা এর আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এবার পাকিস্তানি এই অভিনেত্রী পশু অধিকারের বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আলোচনায় উঠে এসেছেন।
সম্প্রতি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ বরাবর এক খোলা চিঠি দিয়েছেন উসনা শাহ। ওই চিঠিতে তিনি মুখ্যমন্ত্রীর ‘ইতিবাচক’ নেতৃত্বের প্রশংসার পাশাপাশি পশু নির্যাতনের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ওপর জোর দিতে বলেছেন। সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন
কিছুদিন আগে পাঞ্জাবে একটি কুকুরকে গাড়ির সঙ্গে বেঁধে রাস্তায় টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার একটি ভাইরাল ভিডিও দেখে উসনা শাহ প্রচণ্ড রকম ব্যথিত হন। এরপরই এ ধরনের নিষ্ঠুরতার বিরুদ্ধে সোচ্চার হন ‘তেরি মেরি লাভ স্টোরি’ খ্যাত এই অভিনেত্রী। তিনি জনসাধারণের মধ্যে নেতিবাচক ধারণা সৃষ্টিকারী এসব ঘটনার শুধু প্রতিবাদই নয়, কঠোর প্রতিরোধও চান।
এর আগে উসনা শাহ ইনস্টাগ্রামে শেয়ার করা একটি পোস্টে, নারী সুরক্ষা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং জনশৃঙ্খলায় ইতিবাচক উন্নয়নের ওপর জোর দেন। তিনি পশু নির্যাতনের বিষয়ে ‘নীরবতা’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর কাছে তার আবেদন সোশ্যাল মিডিয়ায় আলোচিত হচ্ছে।