logo

প্রিয়াঙ্কা চোপড়ার হৃদয়ে ভারতীয় সংস্কৃতি-ঐতিহ্য

প্রিয়াঙ্কা চোপড়ার হৃদয়ে ভারতীয় সংস্কৃতি-ঐতিহ্য

বলিউড ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এখন প্রায় পুরোদস্তুর আমেরিকান। বলিউড জয় করে হলিউডেও শক্ত আসন গেড়ে নিয়েছেন। বিয়ে করেছেন আমেরিকান তারকা গায়ক-অভিনেতা নিক জোনাসকে। স্থায়ীভাবে বসবাস যুক্তরাষ্ট্রে। তবুও এই বলিউড তারকার হৃদয়ে থাকে ভারতীয় সংস্কৃতি। সব সময় নিজের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেন প্রিয়াঙ্কা।

নিক-প্রিয়াঙ্কার ঘরে জন্ম নেওয়া মালতি মেরি চোপড়া বড় হচ্ছে একটি বহুসাংস্কৃতিক পরিবারে। স্বামী নিক জোনাসের সঙ্গে সন্তান লালন-পালন এবং কীভাবে মালতিকে তাদের উভয় সংস্কৃতির গুরুত্ব শেখানো হয়, সে সম্পর্কে মুখ খুলেছেন ‘দেশি গার্ল’ খ্যাত তারকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া এসব ব্যাপারে কথা বলেছেন। সূত্র: নিউজ টেইটিন

নিক জোনাস যেমন ভারতীয় সংস্কৃতিকে ভালোবাসেন ও শ্রদ্ধা করেন, তেমনি প্রিয়াঙ্কাও আমেরিকান সংস্কৃতির সঙ্গে মিশে গেছেন। তারা উভয়েই পূজা হোক বা হোলি, অথবা ক্রিসমাস বা থ্যাঙ্কসগিভিং—একসঙ্গেই উদযাপন করেন। আর এভাবেই সন্তানকে উভয় সংস্কৃতির মেলবন্ধনেই বড় করতে চান প্রিয়াঙ্কা চোপড়া জোনাস।

সাক্ষাৎকারে  প্রিয়াঙ্কা বলেন, ‘আমি একজন অভিনেত্রী। আমি আমার সংস্কৃতিকে ভালোভাবে তুলে ধরতে সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহার করি। আমি ভারতকে ভালোবাসি, এবং আমার খাবারের পছন্দ ও আরও অনেক কিছুতে আমি খুবই, খুবই ভারতীয়।’

বাবা আমেরিকান আর মা ইন্ডিয়ান—কোন সাংস্কৃতিক ঐতিহ্য মেয়ে ধারণ করবে, এ নিয়ে কোনো দ্বিধা নেই অভিনেত্রীর। এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, ‘আমার পরিবার আংশিক আমেরিকান। যদিও আমি দৈনন্দিন জীবনে আমার ঐতিহ্যগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। নিক ও আমার জন্য এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ যে, আমাদের মেয়ে এই বহুসাংস্কৃতিক পরিবেশে বড় হোক।’

২০২২ সালের জানুয়ারিতে প্রিয়াঙ্কা চোপড়ার প্রথম সন্তান জন্ম নিয়েছে। চার বছর বয়সী কন্যাসন্তানের মা হওয়া প্রসঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘আমার পুরো অস্তিত্ব এখন সন্তানকে ঘিরেই আবর্তিত। সে আমার জীবনের সেরা অর্জন এবং নিক ও আমার সেরা দিকগুলোর প্রতীক।’